Central Forces

বিধানসভা ভোটের আগে কড়া নিরাপত্তা, দ্বিতীয় দফায় রাজ্যে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

সরকারি সূত্রে খবর, দ্বিতীয় দফায় আসা ২৪০ কোম্পানির মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকবেন। তার মধ্যে রয়েছে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫ কোম্পানি, সিআইএসএফ-এর ১৬ কোম্পানি, আইটিবিপি-এর ২০ কোম্পানি এবং এসএসবি-এর ১৯ কোম্পানি।

কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ০২:৪৬

বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসছে। দ্বিতীয় দফায় মোট ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বাহিনী ১০ মার্চের মধ্যেই রাজ্যে পৌঁছে যাবে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী।

সরকারি সূত্রে খবর, দ্বিতীয় দফায় আসা ২৪০ কোম্পানির মধ্যে বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা থাকবেন। তার মধ্যে রয়েছে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫ কোম্পানি, সিআইএসএফ-এর ১৬ কোম্পানি, আইটিবিপি-এর ২০ কোম্পানি এবং এসএসবি-এর ১৯ কোম্পানি।

ভোটের আগে রাজ্যের বিভিন্ন জেলায় এরিয়া ডমিনেশন, টহলদারি এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর উদ্দেশ্যে এই বাহিনী মোতায়েন করা হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিশেষ পর্যবেক্ষক এবং পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বাহিনী মোতায়েনের চূড়ান্ত রূপরেখা তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ধাপে ধাপে বিভিন্ন জেলায় এই বাহিনী পাঠানো হবে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মোট ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম দফায় ইতিমধ্যেই ২৪০ কোম্পানি বাহিনী রাজ্যের বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে।

বর্তমানে উত্তরবঙ্গের একাধিক জেলায় বাহিনী মোতায়েন করা হয়েছে। দার্জিলিংয়ে ছ'টি কোম্পানি, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তিনটে কোম্পানি, কালিম্পংয়ে তিনটে কোম্পানি, কোচবিহারে ন'টি কোম্পানি, আলিপুরদুয়ারে পাঁচটি কোম্পানি এবং জলপাইগুড়িতে সাতটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

এছাড়া উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলায় পাঁচ কোম্পানি এবং রায়গঞ্জ পুলিশ জেলায় ৬ কোম্পানি মোতায়েন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে রয়েছে ১০ কোম্পানি এবং মালদহে ইতিমধ্যেই পৌঁছেছে ১২ কোম্পানি বাহিনী।

দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও বাহিনী মোতায়েন করা হয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি এবং কলকাতা ছাড়াও বনগাঁ, বারাসত, ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলায় বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও একাধিক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।

দ্বিতীয় দফায় রাজ্যের আরও কয়েকটি জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে।


Share