Arrest

বান্ধবীর বাড়িতে চুরি, তারপর দুবাই পালানোর ছক! কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত হিসেবে উঠে আসে ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা গোপী মোদির নাম।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১০:৫০

বান্ধবীর বাড়ি থেকে চুরি করে দুবাই পালানোর ছক কষেছিল যুবক। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার অভিযুক্তকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ টাকা, ডলার ও সোনার অলঙ্কার মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সামগ্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ তারিখ কাঁকসার বামুনাড়া এলাকার এক মহিলার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মলানদিঘী ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। ফাঁড়ির ইনচার্জ রাজেশ ভট্টাচার্যের নেতৃত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত হিসেবে উঠে আসে ঝাড়খণ্ডের ঝরিয়া এলাকার বাসিন্দা গোপী মোদির নাম।

তদন্তে জানা যায়, ওই মহিলার পরিচিত ছিলেন গোপী। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে তিনি নগদ টাকা ও গয়না চুরি করে পালানোর পরিকল্পনা করেন। এমনকি দুবাই পালানোর ছকও কষেছিলেন বলে দাবি পুলিশের। মোবাইল লোকেশন ট্র্যাক করে এএসআই শেখ আলী সুরের নেতৃত্বে মলানদিঘী ফাঁড়ির একটি দল কলকাতা বিমানবন্দরে হানা দেয়। সেখান থেকেই গ্রেফতার করা হয় গোপী মোদিকে।

ধৃতকে প্রথমে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। জেরার পর উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী। বুধবার ফের তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, এর আগেও প্রেমিকার জন্য চুরির অভিযোগে গ্রেফতারির ঘটনা সামনে এসেছিল। গত ফেব্রুয়ারি মাসে বেহালার সরশুনা এলাকায় এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃত হর্ষবর্ধন সাউয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, প্রেমিকাকে খুশি করতেই তিনি চুরি করেছিলেন।

প্রসঙ্গত, গত জানুয়ারিতে সরশুনা থানা এলাকার একটি আবাসনের ফ্ল্যাট থেকে সোনার গয়না-সহ প্রায় ২৬ লক্ষ টাকা চুরি হয়। অভিযোগ করেন ফ্ল্যাটের মালিক রানি শুক্লা। তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ওই ফ্ল্যাটে নিয়মিত যাতায়াত ছিল হর্ষবর্ধনের। বাড়ির মালিকরা বাইরে বেড়াতে যাওয়ার সুযোগে তালা ভেঙে চুরি করেন তিনি। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।


Share