Kolkata Municipal Corporation

কলকাতা পুরসভায় ‘ডবল সেঞ্চুরি’! ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে দাঁড়াল ২০৯, পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ কলকাতা পুরসভা

কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি করার প্রস্তাব। শুক্রবার প্রকাশিত হল ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া, প্রতিটি ওয়ার্ডে ১৫–১৬ হাজার ভোটার রাখার চেষ্টা করা হয়েছে। বোরো সংখ্যা আপাতত ১৬ থাকছে।

কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশিত হল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০৯:৪৬

কলকাতা পুরসভার ওয়ার্ডে ডবল সেঞ্চুরি। পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল ১৪৪ টি। তা বেড়ে এবার ২০৯টি হচ্ছে। শুক্রবার কলকাতা পুরসভার তরফে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশিত হল। নতুন প্রস্তাব অনুযায়ী, কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯টি হচ্ছে। অর্থাৎ, মোট ৬৫টি ওয়ার্ড বাড়ছে। প্রতিটি ওয়ার্ডে ১৫ থেকে ১৬ হাজারের মধ্যে ভোটার রাখার চেষ্টা করা হয়েছে। তবে বোরো সংখ্যা ১৬ টি থাকছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব খসড়া জমা পড়েছিল। পুর প্রশাসকের অনুমোদন ছিল। এরপর পুরমন্ত্রীর ছাড়পত্র মিলতেই ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করা হয়েছে। পুর ও নগরোন্নয়ন দফতর বিজ্ঞপ্তি জারি করেছে। খসড়া বিজ্ঞপ্তি নিয়ে কারও কোনও আপত্তি বা দাবি থাকলে আগামী ১৩ আগস্টের মধ্যে তা জানাতে বলা হয়েছে। খুব শীঘ্রই বিধানসভায় বিল পাশ হবে। পরবর্তীতে তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপরই চূড়ান্তভাবে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া সম্পন্ন হবে। 

কলকাতা পুরসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে জানিয়েছিলেন, প্রথমে ডিলিমিটেশন বা ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ হবে। তারপর কলকাতা পুরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার, কলকাতা পুরসভার পুর প্রশাসক মিতা পাণ্ডে জানিয়েছিলেন, ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তৈরি হয়ে গিয়েছে। এর পরবর্তী প্রক্রিয়ার কার্যকলাপ চলছে। 

এ দিকে, একই দিনে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮টি করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ, হাওড়াতেও ১৮টি ওয়ার্ড বাড়ছে।

ফলে কলকাতা ও হাওড়া—দুই পুরসভাতেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া পুরভোটের আগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


Share