Calcutta High Court

তৃণমূল নেতা-কর্মীদের ওপর ডিম ছোড়া নিয়ে আদালতের কড়া নজর, রাজ্যের পদক্ষেপ জানতে সবিস্তার রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট

শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ডিম ছোড়ার ঘটনা রুখতে রাজ্য কী ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি মন্তব্য করেন, শুধু এক-দু'জনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না, এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলাও প্রয়োজন।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ০২:১৭

রাজ্যে তৃণমূল নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রশাসন কী পদক্ষেপ করেছে, তার বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই জনস্বার্থ মামলার শুনানি হয়। তৃণমূলের পক্ষ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানালেও আদালত তা খারিজ করে দেয়।

শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ডিম ছোড়ার ঘটনা রুখতে রাজ্য কী ধরনের ব্যবস্থা নিয়েছে। তিনি মন্তব্য করেন, শুধু এক-দু'জনকে গ্রেফতার করলেই সমস্যার সমাধান হবে না, এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলাও প্রয়োজন। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ও বলেন, সকলের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, সরকার স্পষ্টভাবে জানিয়েছে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। তবে অভিযোগ না পেলে প্রশাসনের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন বলেও তিনি উল্লেখ করেন।

এর জবাবে তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বহু ক্ষেত্রে পুলিশের সামনেই এই ধরনের ঘটনা ঘটছে। তাঁর অভিযোগ, বিমানবন্দরের মতো জায়গাতেও হামলার ঘটনা ঘটেছে এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। যদিও আদালত জানায়, রাজ্য ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছে। তাই এই মুহূর্তে অন্তর্বর্তী নির্দেশের প্রয়োজন নেই। তবে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, গত ২২ জুন দায়ের হওয়া জনস্বার্থ মামলায় তৃণমূলের অভিযোগ, দলের বিধায়ক কুণাল ঘোষ ও মদন মিত্র, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। পাশাপাশি দলীয় কর্মীদের উপর আক্রমণ ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও করা হয়। মামলাটি দায়ের করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের আদালত বা থানায় নিয়ে যাওয়ার সময় তাঁদের লক্ষ্য করে ডিম ছোড়ার একাধিক ঘটনা সামনে এসেছে। বহু ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযুক্তদের মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যেতে দেখা গিয়েছে পুলিশকে।


Share