Cyber Attack

নিশানায় ছিল রাজ‍্য সরকারের ডেটা সেন্টার! একাধিক সংস্থার ওয়েবসাইটে সাইবার হানা, বসে গেল পরিষেবা

পুলিশ সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তার পর থেকেই ওয়েবসাইট কাজ করা বন্ধ হয়েছে যায়। র‍্যানসামওয়ার ব্যবহার করা হয়েছিল। তবে নেটওয়ার্কের ডেটা সেন্টার পর্যন্ত পৌঁছোতে পারেনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৫

লক্ষ‍্য ছিল রাজ‍্য সরকারের ডেটা সেন্টার। সাইবার হানায় বসে যায় একাধিক সরকারি ওয়েবসাইট। এর জেরে অনলাইন পরিষেবা কার্যত স্থগিত হয়ে পড়ে। কলকাতা পুলিশ, রাজ‍্য পুলিশ, কলকাতা পুরসভা, স্কুলশিক্ষা দফতর, ই-ডিস্ট্রিক্ট, স্বাস্থ্য দফতর, বেতন সংক্রান্ত পোর্টাল, খাদ‍্য দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, কৃষি বিপণন, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের, দরপত্র সংক্রান্ত ওয়েবসাইটে সাইবার প্রতারকেরা হানা দেয় বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তার পর থেকেই ওয়েবসাইট কাজ করা বন্ধ হয়েছে যায়। র‍্যানসামওয়ার ব্যবহার করা হয়েছিল। তবে নেটওয়ার্কের ডেটা সেন্টার পর্যন্ত পৌঁছোতে পারেনি। ডেটা সেন্টার পর্যন্ত তথ‍্যের দখল নেওয়ার আগেই ওয়েবসাইটের থেকে সার্ভারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। মুক্তিপণ চাওয়ার আগেই সাইবার প্রতারকদের ঠেকানো সম্ভব হয়েছে।

ঘটনার পরেই পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট সমস্ত দফতর থেকে প্রযুক্তিবিদদের সল্টলেকের রাজ‍্য ডেটা সেন্টারে পাঠানো হয়েছে। তাঁদের নিজ দফতরের তথ‍্য কতটা সুরক্ষিত রয়েছে তা নিশ্চিত করতে বলা হয়েছে। নিজ দফতরের সার্ভারে অ‍্যান্টিভাইরাস যুক্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরেই ওয়েবসাইট বসে যায়। ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হয়েছে। শনিবার থেকে দিনরাত কাজ করে দু’হাজার ৪০০টি ভার্চুয়াল ব‍্যবস্থাপনা পরীক্ষা করা হয়। তবে কোনও দফতরের তথ‍্য চুরি গিয়েছে কি না তা নিশ্চিত করতে পারেনি কেউই।

নবান্ন সূত্রের খবর, সাইবার অপরাধ সংক্রান্ত তদন্তকারী সংস্থা একটি আট পাতার রিপোর্ট পাঠানো হয়েছে। নাগরিকের পরিষেবা সংক্রান্ত অনলাইন ব‍্যবস্থাকেই প্রাথমিক ভাবে বন্ধ করার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা সাইবার অপরাধীরা করে ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

কয়েকটি ওয়েবসাইট স্বাভাবিক করা গেলেও কলকাতা পুর সভার জন্ম-মৃত্যু পোর্টাল কাজ করছে না। ফলে নতুন ডিজিটাল জন্ম-মৃত্যু সার্টিফিকেট ওয়েবসাইটে আপলোড বা ডাউনলোড করা যাচ্ছে না। এমনকী, পুরসভার অনলাইন পোর্টালে কর জমা দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে। পুরসভার বিল্ডিং বিভাগ, ট্রেজারি, রাজস্ব ও অর্থ বিভাগের মতো গুরুত্বপূর্ণ অনলাইন কাজ পুরোপুরি থমকে গিয়েছিল। সোমবার এই বিষয়ে কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে বলেন, “ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে। এখনও কাজ চলছে।“

সাইবার অপরাধ সংক্রান্ত তদন্তকারী সংস্থা একটি আট পাতার রিপোর্টে আরও বলা হয়েছে, ৯০ দিনের বেশি একই পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। ৯০ পরে দায়িত্ব নিয়ে তা পরিবর্তন করতে হবে। ভার্চুয়াল ব‍্যবস্থা, পাসওয়ার্ড, ভিপিএন এবং অনুমোদিত সফটওয়্যারই ব‍্যবহার করার বিষয়টিতে গুরুত্ব দিতে হবে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, জাতীয় সাইবার রেসপন্স টিম (সার্ট-ইন)-এর নির্দেশিকা মেনে ডিজিটাল পরিকাঠামোর নিয়মিত অডিট করতে হবে। ওয়েবসাইট সংক্রান্ত রক্ষণাবেক্ষণের কাজও সমান্তরাল ভাবে চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।


Share