RG Kar Case

সিবিআই রিপোর্ট জমা পড়তেই বদল বেঞ্চ! আরজি কর মামলায় শম্পা সরকার-তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন

সেই অনুযায়ী, বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে এবার আরজি করের পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০৫:০৯

সময়ের অভাবে আরজি কর-কাণ্ডে নির্যাতিতার পরিবারের দায়ের করা মামলার শুনানি থেকে আগেই সরে দাঁড়িয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একই কারণ দেখিয়ে কয়েক দিন আগে মামলাটি থেকে অব্যাহতি নেয় বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চও। এর পর মামলাটি বিশেষ ডিভিশন বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সুজয় পাল। সেই অনুযায়ী, বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চে এবার আরজি করের পড়ুয়া-চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি হবে।

এর আগে বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ সিবিআইকে নির্দেশ দিয়েছিল, মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও প্রয়োজনে অন্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করতে। পাশাপাশি, নির্যাতিতার মা-বাবার জমা দেওয়া দুটি অতিরিক্ত হলফনামার ভিত্তিতে তদন্ত সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছিল। গত মঙ্গলবার সিবিআই সেই রিপোর্ট মুখবন্ধ খামে জমা দেয়। এরপরই মামলাটি থেকে সরে দাঁড়ানোর কথা জানায় বিচারপতি মান্থার বেঞ্চ।

সেই সময় বিচারপতি মান্থা মন্তব্য করেছিলেন, ‘মামলাগুলির দ্রুত শুনানির প্রয়োজন। আরজি করের এই ঘটনা নিয়ে গোটা রাজ্য উদ্বিগ্ন, আমরাও চিন্তিত। তাই আমাদের মনে হয়, উপযুক্ত বিচার পাওয়ার জন্য বিস্তারিত শুনানির সময় রয়েছে এমন কোনও বিচারপতিদের বেঞ্চে এই মামলাগুলি পাঠানো হোক।’ একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আরজি কর-কাণ্ডের তদন্তে রাজ্য সরকার বিচারবিভাগীয় কমিশন গঠনের কথা ভাবতে পারে।


Share