Weather Update

ভ্যাপসা গরমের পর স্বস্তির ইঙ্গিত, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির বড় সম্ভাবনা

বুধবার থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৪ মে ২০২৬ ১০:৫৯

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি জারি থাকলেও সপ্তাহের মাঝামাঝি থেকেই আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। আগামী কয়েকদিন রাজ্যের দুই অংশেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আবহাওয়াবিদদের মতে, দক্ষিণ বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং সেখান থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যে এই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত গরম ও ভ্যাপসা অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা খুব বেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ‘ফিল লাইক’ তাপমাত্রা অনেকটাই বেশি অনুভূত হবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় গরম ও অস্বস্তি চরমে পৌঁছতে পারে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও একই পরিস্থিতি বজায় থাকবে।

তবে এই গরমের মাঝেই বিকেল বা রাতের দিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই সম্ভাবনা তুলনামূলক বেশি বলে জানানো হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে শুরু করবে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

এ ছাড়াও, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে আরও একটি ঝড়বৃষ্টির স্পেল দেখা যেতে পারে। কলকাতা-সহ সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত ও শিলাবৃষ্টিও হতে পারে। এর জেরে শনিবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানাচ্ছে পূর্বাভাস।

অন্য দিকে, উত্তরবঙ্গে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও জলপাইগুড়িতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

আগামী দু’দিন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও সংলগ্ন নিচু এলাকার জেলাগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।


Share