Traffic Update

১০ অগস্ট কলকাতায় তিরঙ্গা যাত্রার জেরে বন্ধ একাধিক রাস্তা, নিত্যযাত্রীদের জন্য জারি বিশেষ ট্রাফিক নির্দেশিকা

মিছিলের সময় যান চলাচলে বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তাই সোমবার শহরে বেরোনোর আগে ট্রাফিক নির্দেশিকা দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ আগস্ট ২০২৬ ০২:০৩

সপ্তাহের শুরুতেই সোমবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে। ফলে যানবাহনকে বেশ কিছু ক্ষেত্রে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হতে পারে। আগে থেকে সতর্ক না থাকলে নিত্যযাত্রীরা তীব্র যানজটে পড়তে পারেন। আগামী ১০ অগস্ট ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিতে পশ্চিমবঙ্গ প্রথম বার অংশ নিতে চলেছে। সেই উপলক্ষ্যে বড় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ধর্মতলায় নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হবে। স্বাভাবিকভাবেই এই মিছিলকে কেন্দ্র করে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে কলকাতা ট্রাফিক পুলিশ শুক্রবার একটি নির্দেশিকা জারি করেছে। মিছিলের সময় যান চলাচলে বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তাই সোমবার শহরে বেরোনোর আগে ট্রাফিক নির্দেশিকা দেখে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই মিছিলে প্রায় ৫০ হাজার মানুষের জমায়েত হতে পারে। সেই কারণে আগামী সোমবার কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। রেড রোড, খিদিরপুর রোডের মতো ব্যস্ত রাস্তাগুলিও বন্ধ রাখা হতে পারে। কর্মব্যস্ত দিনে এই রাস্তাগুলিতে এমনিতেই প্রচুর যানবাহন চলাচল করে। ফলে যান নিয়ন্ত্রণের জেরে সাধারণ মানুষ ব্যাপক সমস্যায় পড়তে পারেন। এই পরিস্থিতিতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। আগামী ১০ অগস্ট, সপ্তাহের শুরুতেই একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকায় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারেন অফিসযাত্রী ও নিত্যযাত্রীরা। তাই ওই দিন বাড়ি থেকে বেরোনোর আগে কোন কোন রাস্তায় যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

রাস্তা বন্ধ থাকলে কোন বিকল্প পথে গন্তব্যে পৌঁছনো যাবে, সে বিষয়েও আগে থেকে জেনে নেওয়া জরুরি। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, আগামী ১০ আগস্ট ময়দানমুখী যান চলাচলে একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ থাকবে।

ওই দিন কিংসওয়ে, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকবে। পাশাপাশি, ওই রাস্তাগুলির পাশাপাশি কিংসওয়ে, অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোডের একাংশ, আর আর অ্যাভিনিউ, প্লাসি গেট রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথিড্রাল রোড, কুইন্সওয়ে, ডাফরিন রোড এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ে পার্কিংও নিষিদ্ধ করা হয়েছে। তাই ১০ আগস্ট ওই এলাকায় যাতায়াতের পরিকল্পনা থাকলে ট্রাফিক পুলিশের নির্দেশিকা দেখে বিকল্প রুট বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়াও, কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী মূল রাস্তার পাশাপাশি সংযোগকারী রাস্তাতেও যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কিছু পণ্যবাহী যান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। এলপিজি সিলিন্ডার, সিএনজি, পেট্রোল, তেল, অক্সিজেন, সবজি, ওষুধ, ফল, মাছ এবং দুধ বহনকারী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে।

পণ্যবাহী যান চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সোমবার দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড, লেনিন সরণি/মৌলালি মোড় থেকে হেস্টিংস পর্যন্ত অংশে পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। এ ছাড়াও, সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, সিআর অ্যাভিনিউ, জওহরলাল নেহরু রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ থেকে এক্সাইড মোড় পর্যন্ত রাস্তাতেও পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে।


Share