TMC Leader Arrest

ডিম-টম্যাটো সঙ্গে গোবর, আদালতে যাওয়ার পথে জনরোষের মুখে সব্যসাচী দত্ত, তোলাবাজি মামলায় গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পুলিশ ভ্যানে তোলার পরও পরিস্থিতি উত্তপ্ত থাকে। অভিযোগ, এক যুবক ভ্যানের দরজার ফাঁক দিয়ে ডিম ছুড়ে মারেন। পাশাপাশি রাস্তাজুড়ে ওঠে ‘চোর’ স্লোগান।

গ্রেফতার সব্যসাচী দত্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ০২:৪৭

২০১৮ সালের একটি তোলাবাজির মামলায় গ্রেফতার করা হয় বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। মঙ্গলবার বিধাননগর আদালতে তোলা হয় তাঁকে। থানার বাইরে তাঁকে নিয়ে যাওয়ার সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে জড়ো হন। কারও হাতে ছিল ডিম, কারও হাতে টমেটো। এমনকি এক ব্যক্তিকে কচুপাতায় গোবর নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাঁর দাবি ছিল, সব্যসাচীর মুখে গোবর মাখাবেন।

পুলিশ কড়া নিরাপত্তার মধ্যে সব্যসাচী দত্তকে থানার বাইরে নিয়ে এলেও বিক্ষোভকারীদের ক্ষোভ থামানো যায়নি। তাঁকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পুলিশ ভ্যানে তোলার পরও পরিস্থিতি উত্তপ্ত থাকে। অভিযোগ, এক যুবক ভ্যানের দরজার ফাঁক দিয়ে ডিম ছুড়ে মারেন। পাশাপাশি রাস্তাজুড়ে ওঠে ‘চোর’ স্লোগান।

উল্লেখ্য, ২০১৮ সালে ভয় দেখিয়ে প্রায় এক কোটি টাকা আদায়ের অভিযোগে সব্যসাচী দত্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলাতেই সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজির পাশাপাশি খুনের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সব্যসাচী দত্ত। তাঁর দাবি, ‘২০১৮ সালে কাকে থ্রেট করেছি বলেছে। অভিযোগ তো যে কেউ করতে পারে। এক কোটি কেন ১০০ কোটিও বলতে পারে। এক টাকাও দিয়েছে প্রমাণ করতে পারলে আমাকে ফাঁসি কাঠে যেন তুলে দেয়। আর যিনি অভিযোগ করছেন, তিনি নিজেই বিধাননগর উত্তর থানায় ২০১৮ সালে গ্রেফতার হন। এ সব প্রতিহিংসার রাজনীতি চলছে।’


Share