দোলের দিন দুর্ঘটনা শহরে, পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ১৫০ বছরের পুরোনো বাড়িটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারে জরাজীর্ণ অবস্থা। এদিকে গত ২৭ তারিখ কলকাতায় জোরালো ভূমিকম্প হয়। তাতেও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ির কাঠামো। তার জেরেই এই দুর্ঘটনা।

পার্ক স্ট্রিটে ভেঙে পড়ল বাড়ির একাংশ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১২:১২

দোল উৎসবের সকালেই দুর্ঘটনা। পার্ক স্ট্রিটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরোনো বাড়ির একাংশ। জানা গিয়েছে, বাড়িটি প্রায় ১৫০ বছরেরও বেশি পুরোনো। তবে দুর্ঘটনার সময়ে বাড়িতে কেউ না থাকায় কোনও বড়ধরনের বিপদ ঘটেনি। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পার্কস্ট্রিট থানার বিশাল পুলিশবাহিনী।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিট থানা এলাকার এলিয়ট রোডে। পুরোনো বাড়িটির ছাদের কার্নিশের একাংশ ভেঙে পড়েছে। বাড়ির ভিতরের উঠোনে রাখা ছিল স্কুটি ও সাইকেল। তার উপরেই ভেঙে পড়ে ছাদের কার্নিশের বড় অংশ। প্রত্যক্ষদর্শী প্রতিবেশীর দাবি, বরাতজোরে বেঁচেছেন তিনি। দুর্ঘটনার মুহূর্তের কয়েক সেকেন্ড আগেই তিনি সেখানে গিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অন্তত ১৫০ বছরের পুরোনো বাড়িটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় একেবারে জরাজীর্ণ অবস্থা। এদিকে গত ২৭ তারিখ কলকাতায় জোরালো ভূমিকম্প হয়। তাতেও সম্ভবত ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়ির কাঠামো। তার জেরেই এই দুর্ঘটনা। বাড়ির বাসিন্দারা বর্তমানে বাইরে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। সমস্ত দিক খতিয়ে দেখছেন তারা। ঘিরে ফেলা হয়েছে দুর্ঘটনাস্থল।


Share