Kolkata Police

পালাবদলের হাওয়া লাগল লালবাজারে, আর মমতা-অভিষেক নয়, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীকে সমাজমাধ্যমে ফলো করতে শুরু করল কলকাতা পুলিশ

বিজেপি বিরোধী আসনে থাকাকালীন কলকাতার পুলিশকে ১০০ শতাংশ রাজনৈতিককরণ করা হয়েছে বলে অভিযোগ করেছিল।

পালাবদলের হাওয়া লালবাজারেও।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০১:০৩

বিজেপির ঝড়ে খড়কুটোর মতো উড়ে গিয়েছে তৃণমূল। সেই পালাবদলের হাওয়া লাগল লালবাজারে। সমাজমাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অল্ট নিউজকে আনফলো করে দেওয়া হয়েছে। এ বার থেকে তাঁরা প্রধানমন্ত্রী দফতর, নরেন্দ্র মোদী, অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রকে ফলো করা শুরু করেছে।

এতদিন কলকাতা পুলিশ মমতা-অভিষেককে সমাজমাধ্যমে ফলো করত। তখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন। অভিষেক সাংসদক। তবে প্রধানমন্ত্রীর দফতর, নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রক এবং অমিত শাহকে ফলো লালবাজার করত না। দেশের শীর্ষ সাংবিধানিক পদে থাকা সত্ত্বেও তাঁদের ফলো করা হত না। কেন্দ্র-রাজ‍্য সংঘাতের চরমে পৌঁছে ছিল। অনেকে মনে করছেন, মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা হত। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বাকি সাংসদদের মতোই। যদি তাঁকে ফলো করা হয় তাহলে বাকিদের ক্ষেত্রেও কেন ব‍্যতিক্রমী পদক্ষেপ তাঁরা নিয়েছিল, কীসের ভিত্তিতে তাঁকে কলকাতা পুলিশ ফলো করত, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

তবে এ ক্ষেত্রে লালবাজার কোনও বিজেপির নেতা বা সাংসদকে সামাজমাধ‍্যমে ফলো করেনি। শুধুমাত্র সাংবিধানিক পদে থাকা ব্যক্তি এবং তাঁদের দফতরকেই ফলো করা হয়েছে।

বিজেপি বিরোধী আসনে থাকাকালীন কলকাতার পুলিশকে ১০০ শতাংশ রাজনৈতিককরণ করা হয়েছে বলে অভিযোগ করেছিল। আরজি কর আন্দলনের সময় কয়েক জন পুলিশ কর্মী জখম হয়েছিলেন। তাঁদের মধ্যে দেবজিৎ চট্টোপাধ্যায় বলে এক আধিকারিক আক্রান্ত হন। পুলিশ মহলে কান পাতলে শোনা যায়, তিনি শান্তনু সিংহ বিশ্বাসের ঘনিষ্ঠ। তাঁকে পরে গুন্ডা দমন শাখার অ‍্যাসিস্টান্ট কমিশনার করা হয়।

পাশাপাশি, কলকাতা পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের বিরুদ্ধেও একাধিক অভিযোগ উঠেছে। বোর্ডের আহ্বায়ক শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে টাকা নিয়ে পুলিশের ট্রান্সফার করিয়ে দেওয়ার অভিযোগ করেছে ইডি। ওই ওয়েলফেয়ার বোর্ডের এতটাই দাপট ছিল, কোনও পুলিশ কর্মী চাকরি বাঁচানোর ভয়ে একটি শব্দ খরচ করতে রাজি হতেন না। পালাবদল হতেই বডিগার্ড লাইনে শান্তনু সিংহ বিশ্বাসের অফিসও ভাঙচুর হয়।

জমি দখলে বেআইনি আর্থিক লেনদেন মামলায় ইতিমধ্যেই বেশ কয়েক বার ইডি শান্তনু সিংহ বিশ্বাসকে তলব করেছে। তিনি তিনি পলাতক। তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।


Share