Passport Verification

পাসপোর্ট যাচাইয়ের নামে টাকা চাওয়ার অভিযোগ এড়াতে থানার হাত থেকে সরল দায়িত্ব, অক্টোবর থেকে নতুন আবেদন যাচাইয়ের দায়িত্বে সিকিউরিটি কন্ট্রোল

নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, বকেয়া পাসপোর্টের যাচাইয়ের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আগামী নভেম্বর মাস পর্যন্ত এই সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৮

পাসপোর্ট যাচাইয়ের নামে আবেদনকারীদের কাছ থেকে ‘টাকা আদায়ের’ অভিযোগ এড়াতে থানার হাত যাবতীয় দায়িত্ব সরিয়ে দিল লালবাজার। আগামী ১ অক্টোবর থেকে পাসপোর্টের নতুন আবেদন যাচাই করবে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন (এসসিও)। তবে তার আগে সমস্ত থানায় যত পাসপোর্টের আবেদন পড়ে রয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। পুলিশ কমিশনারের নির্দেশের পরে আগামী ১ অক্টোবরের পর থেকে স্থানীয় থানা আর পাসপোর্টের আবেদন যাচাই করতে পারবে না।

লালবাজার সূত্রের খবর, শুক্রবার বিকেলে কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। তাঁর নির্দেশ, আগামী ১ অক্টোবরের আগে থানাগুলিতে জমে থাকা পাসপোর্ট যাচাইয়ের কাজ দ্রুত শেষ করতে হবে। পাসপোর্ট যাচাইয়ের বকেয়া সমস্ত কাজকে অগ্রাধিকার দিয়ে নিষ্পত্তি করতে হবে। সমস্ত থানার ওসিরা ব্যক্তিগত ভাবে এই কাজের অগ্রগতি নজরদারি চালাবেন।

এ ছাড়াও, কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের ডেপুটি কমিশনারেরা তাঁদের অধীনস্থ থানাগুলিতে বকেয়া পাসপোর্টের যাচাইয়ের কাজের অগ্রগতি কতটা হল তা নিয়মিত পর্যবেক্ষণ করবেন বলেও কমিশনার নির্দেশ দিয়েছেন। যদি কোনও ক্ষেত্রে পাসপোর্ট যাচাইয়ের কাজে বিলম্ব হয় বা দীর্ঘদিন ধরে কোনও আবেদন বকেয়া থাকে বিষয়টি অতিরিক্ত কমিশনার (স্পেশাল ব্রাঞ্চ)-এর নজরে আনতে হবে।

কমিশনার অজয়কুমার নন্দ নির্দেশিকায় আরও জানিয়েছেন, প্রতিটি থানার বকেয়া পাসপোর্টের যাচাইয়ের হিসেব সাপ্তাহিক রিপোর্ট আকারে  জমা দিতে হবে। ওই রিপোর্টে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কতগুলি পাসপোর্ট যাচাই বকেয়া রয়েছে, সপ্তাহে কতগুলি ফাইলের নিষ্পত্তি হয়েছে এবং সপ্তাহ শেষে কতগুলি ফাইল বাকি রয়েছে— এই তিনটি তথ্য উল্লেখ করতে নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার।

লালবাজারের এক কর্তার বক্তব্য, আগে থানায় পাসপোর্ট যাচাই করা হত। সে ক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ আসত। এ বার থেকে তা কেন্দ্রীয় ভাবে যাচাই হবে। ফলে পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে এমন কোনও অভিযোগ এড়ানো যাবে বলেই মনে করছে তাঁরা।

নির্দেশিকায় এ-ও বলা হয়েছে, বকেয়া পাসপোর্টের যাচাইয়ের পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আগামী নভেম্বর মাস পর্যন্ত এই সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে হবে। লালবাজারের অতিরিক্ত পুলিশ কমিশনার (১) এবং সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের ডেপুটি কমিশনার বকেয়া ফাইলের নিষ্পত্তি এবং বেধে সময়সীমার মধ্যে যাচাই সম্পন্ন হচ্ছে কি না, তার নজরদারির দায়িত্বক দেওয়া হয়েছে।


Share