Mysterious Death

সোনারপুরে পুকুরপাড়ে রহস্যমৃত্যু, দেহের পাশে মদের বোতল, ‘মহিলা সেজে ঘোরা’ সঙ্গীকে ঘিরে দানা বাঁধছে রহস্য

মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৭:১৯

রবিবার সকালে সোনারপুরের সুভাষগ্রামের বিদ্যাধরপুর লালপোল চৌধুরী বাগান এলাকায় পুকুরের ধারে এক ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সুরজিৎ সর্দার (৪০)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় সোনারপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃতের পরিবারের অভিযোগ, সুরজিৎকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিতের বাড়ি গৌড়দহ এলাকায়। তবে গত প্রায় এক বছর ধরে তিনি লালপোল এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর সঙ্গে বিজয় নামে এক যুবকও থাকতেন।

এলাকাবাসীদের দাবি, বিজয়কে প্রায়ই মহিলা সেজে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত। কেন তিনি এভাবে চলাফেরা করতেন, তা অবশ্য স্পষ্ট নয়। সুরজিতের মৃত্যুর সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, তার পাশেই একটি মদের বোতল পড়ে ছিল। যদিও সুরজিতের শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। ফলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Share