Kolkata Metro

যোগ দিবস ও নিট-ইউজি একদিনে, যাত্রীদের জন্য বড় স্বস্তি! ভোর ৪টা থেকেই ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বিশেষ মেট্রো পরিষেবা

ব্লু লাইনে সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ২১৪টি মেট্রো চলবে, যার মধ্যে ১০৭টি আপ ও ১০৭টি ডাউন পরিষেবা। ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত উভয় দিকেই ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১০:৫৮

আগামী ২১ জুন, রবিবার একদিকে যেমন পালিত হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’, অন্য দিকে সেদিনই দেশজুড়ে অনুষ্ঠিত হবে ‘নিট ইউজি ২০২৬’ পরীক্ষা। এই দুই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সামনে রেখে যাত্রীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল। রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে ভোর চারটা থেকেই বিশেষ মেট্রো পরিষেবা চালু করা হবে। তবে সব লাইনের টার্মিনাল স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ার সময়সূচিতে কোনও পরিবর্তন থাকছে না।

ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) সাধারণ রবিবারের ১৫২টি পরিষেবার পরিবর্তে মোট ২১৪টি মেট্রো চলবে, যার মধ্যে ১০৭টি আপ ও ১০৭টি ডাউন পরিষেবা। ভোর চারটা থেকে সকাল আটটা পর্যন্ত উভয় দিকেই ১৪ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবাগুলি চলবে দক্ষিণেশ্বর, নোয়াপাড়া ও মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে এবং বিপরীত দিকেও একইভাবে বিশেষ ট্রেন চালানো হবে।

গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সল্টলেক সেক্টর ৫) রবিবারের স্বাভাবিক ১০৮টির বদলে মোট ১৭৩টি মেট্রো পরিষেবা থাকবে। ভোর ৪টা থেকে সকাল ন'টা পর্যন্ত ১০ থেকে ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে। প্রথম মেট্রো ছাড়বে ভোর ৪টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫-এর উদ্দেশ্যে এবং সল্টলেক সেক্টর ৫ থেকে প্রথম ট্রেন রওনা দেবে ভোর চারটা ২ মিনিটে।

ইয়েলো লাইনে (নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর) সাধারণ রবিবারের ৭৮টির পরিবর্তে মোট ১১২টি মেট্রো পরিষেবা চালানো হবে। ভোর চারটা ১৮ মিনিট থেকে সকাল ন'টা পর্যন্ত প্রতি ১৮ থেকে ২০ মিনিট অন্তর ট্রেন চলবে। এই লাইনের প্রথম মেট্রো ছাড়বে ভোর চারটা ১৮ মিনিটে নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের উদ্দেশ্যে এবং বিপরীতমুখী প্রথম ট্রেন ছাড়বে ভোর চারটা ৪০ মিনিটে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ২১ জুন ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে অতিরিক্ত পরিষেবা চালু হলেও রাতের শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকবে। তবে ওই দিন পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।


Share