Kolkata Metro

ফের ব্লু লাইনে সিগন্যালিং-এর সমস্যায় ব্যাহত মেট্রো পরিষেবা, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ভাঙা পথে সচল রাখা হয়েছিল মেট্রো লাইন পরিষেবা। সিগন্যালিং সমস্যার কারণে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালানো সম্ভব না হলেও বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সচল ছিল মেট্রো। আপ ও ডাউন উভয় লাইনেই বন্ধ রাখা হয়েছিল দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা।

ব্লু লাইন মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১২:৫৯

ফের ব্লু লাইন মেট্রোতে বিঘ্নিত পরিষেবা। বুধবার সকালেই সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে এই সমস্যা দেখা দেয়। এর ফলে প্রায় দু'ঘন্টা দক্ষিণেশ্বর স্টেশন থেকে বন্ধ ছিল পরিষেবা। ভোগান্তিতে পড়েছে মেট্রোর নিত্যযাত্রীরা। ক্ষুব্ধ যাত্রীরা অভিযোগ করেছে, সকালে এই সমস্যা জেরে বাতিল হয়ে যায় দুটি মেট্রো। যদিও কর্তৃপক্ষের তরফে এ সম্পর্কির কোনও তথ্য পাওয়া যায়নি।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে ভাঙা পথে সচল রাখা হয়েছিল মেট্রো লাইন পরিষেবা। সিগন্যালিং সমস্যার কারণে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালানো সম্ভব না হলেও বরানগর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত সচল ছিল মেট্রো। আপ ও ডাউন উভয় লাইনেই বন্ধ রাখা হয়েছিল দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা। সিগন্যালিং সমস্যার ক্রুটি মেরামত করতে তড়িঘড়ি সেখানে পৌঁছন মেট্রোর ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় চলে সারাই-এর কাজ। প্রায় দু'ঘণ্টা এমন পরিস্থিতি চলার পর সমস্যা মেটে। মেট্রো সূত্রে বিবৃতি দিয়ে জানানো হয়, ব্লু লাইনে পরিষেবা বর্তমানে স্বাভাবিক।

নিত্যদিনের মেট্রো যাত্রীদের অভিযোগ, ব্লু লাইনে সিগন্যালিং-এর সমস্যা প্রতিনিয়তই দেখা যাচ্ছে। সাতসকালে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরতে এসে সমস্যায় পড়েন অনেকেই। হুগলি ও শহরের উত্তর প্রাপ্ত থেকে আসা বহু মানুষ দ্রুত দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলিতে পৌঁছতে এই মেট্রো রুটের উপরেই নির্ভরশীল। ফলে সকালবেলাই কর্মস্থলে পৌঁছতে সমস্যার মুখে পড়েন বহু যাত্রী। 


Share