Land Scam

পাঁচ বার নোটিস, জারি হয়েছে লুকআউট সার্কুলার, ইডি দফতরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ পুলিশকর্তা, সঙ্গে রয়েছে তাঁর আইনজীবী

বৃহস্পতিবার সকালে দেখা গেল, শান্তনু সিংহ বিশ্বাস দু’জন আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছেন। তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়লা পাচার, বালি পাচার মামলাতেও শান্তনু সিংহ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন‍্য ইডি তলব করে। গ্রেফতারি এড়াতে তিনি হাই কোর্টে মামলা করেন।

ইডির দফতরে শান্তনু সিংহ বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০১:৪৮

পাঁচবার নোটিস দেওয়ার পরেও ইডির দফতরে হাজিরা দেননি। তার পরেই জারি হয় লুকআউট নোটিস। বৃহস্পতিবার সকালে ইডি দফতরে হাজিরা দিতে এলেন শান্তনু সিংহ বিশ্বাস। তিনি কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেও পরিচিত।

বেআইনি ভাবে জমি দখলে আর্থিক দুর্নীতি মামলায় একাধিক বার কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন‍্য নোটিস দেওয়া হয়। এই মামলায় ইতিমধ্যেই শান্তনু ঘনিষ্ঠ নির্মাণ ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করা হয়েছে। জমি দখলে আর্থিক দুর্নীতি মামলায় ১ হাজার ১০০ কোটি টাকার বেআইনি লেনদেনের হদিশ মিলেছে। আমেরিকা, দুবাই, মালয়েশিয়ায় টাকা পাচারের অভিযোগ রয়েছে।

এতে একাধিক প্রভাবশালীর নাম জড়িয়েছে। এই মামলায় কসবার তৃণমূল কর্মী সোনাপাপ্পুর নাম রয়েছে। তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশের বদলি করিয়ে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। এ সবের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের নাম জড়িয়ে। আদালতে ইডি দাবি করে, প্রভাব খাটিয়ে জয় কামদারকে জমি দখল করতে সাহায্য করেছেন। 

বুধবার সকালে জানা যায়, শান্তনু সিংহ বিশ্বাসকে ঝাড়খণ্ড থেকে আটক করে ইডি। কিন্তু বৃহস্পতিবার সকালে দেখা গেল, শান্তনু সিংহ বিশ্বাস দু’জন আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছেন। তাঁকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কয়লা পাচার, বালি পাচার মামলাতেও শান্তনু সিংহ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন‍্য ইডি তলব করে। গ্রেফতারি এড়াতে তিনি হাই কোর্টে মামলা করেন।

পালাবদল হয়েছে। বিজেপি সরকার গঠন করেছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর থেকেই বেপাত্তা হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস। জারি করা হয় লুকআউট সার্কুলার। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের খোঁজ পেতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠানো হয়েছিল।


Share