KMC Election

পুরভোটের আগে লালবাজারে উচ্চপর্যায়ের বৈঠক, ২০৯ ওয়ার্ডে বুথ বাড়লে কী ভাবে সাজবে কলকাতা পুলিশের নিরাপত্তা?

মূলত পুরসভার ওয়ার্ড বিন্যাসের জেরে বুথের সংখ্যা বাড়লে নিরাপত্তা ব্যবস্থা কী ভাবে সাজানো হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ০৭:২৭

সামনে কলকাতা পুরভোট। নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিল কলকাতা পুলিশ। বুধবার কলকাতা পুরসভার নির্বাচন নিয়ে লালবাজারে উচ্চপর্যায়ের বৈঠক হয়। মূলত পুরসভার ওয়ার্ড বিন্যাসের জেরে বুথের সংখ্যা বাড়লে নিরাপত্তা ব্যবস্থা কী ভাবে সাজানো হবে, তা নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে লালবাজার সূত্রের খবর।

সূত্রের খবর, বুথের সংখ্যা বাড়লে প্রতিটি বুথ ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে কত সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হবে, কোথায় অতিরিক্ত বাহিনী প্রয়োজন হবে—তা নিয়ে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে। তবে কলকাতা পুলিশের হাতে থাকা বাহিনী দিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা কতটা সম্ভব, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রয়োজনীয় অতিরিক্ত বাহিনী কী ভাবে পাওয়া যাবে এবং সেই ঘাটতি কী ভাবে পূরণ করা হবে, তা নিয়েও মতবিনিময় হয়েছে বলে খবর।

বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স, যুগ্ম কমিশনার (সদর দফতর), ওসি ইলেকশন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), এসটিএফের প্রতিনিধিরা। কলকাতা পুরসভার তরফে উপস্থিত ছিলেন সূর্যপ্রতাপ যাদব। পাশাপাশি ছিলেন রাজ্য নির্বাচন কমিশনের প্রতিনিধিও। পুরভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভায় কলকাতা পুরসভায় ডিলিমিটেশন বিল, ২০২৬ পাসের মাধ্যমে এই সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হয় এবং মোট ৬৫টি নতুন ওয়ার্ড যুক্ত করা হয়। আসন্ন পুরভোট এই পরিবর্তিত ২০৯টি ওয়ার্ডের ভিত্তিতেই অনুষ্ঠিত হতে চলেছে।


Share