Weather Update

বুধবার থেকে বদলাবে আবহাওয়া, দক্ষিণবঙ্গে বাড়বে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির দাপট

কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি। কালবৈশাখী ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টি চললেও পরে ধীরে ধীরে কমবে বৃষ্টির দাপট।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ১০:৪৮

বুধবার থেকে আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবণতা বাড়বে। একাধিক জেলায় কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে ভারী বৃষ্টির দাপট।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে দক্ষিণ বিহার এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই ঘূর্ণাবর্ত থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত একটি উত্তর-দক্ষিণ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ঝাড়খণ্ড ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির জেরেই রাজ্যের আবহাওয়ায় পরিবর্তন আসছে।

আজ অর্থাৎ আগামী ২৪ ঘণ্টাতেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান জেলায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। তবে আংশিক মেঘলা আকাশ ও হাওয়ার কারণে কিছু এলাকায় স্বস্তি মিলতে পারে।

মঙ্গলবার থেকেই বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় কালবৈশাখীর আশঙ্কা বেশি। কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। শনিবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হলেও রবিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানানো হয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ দিনাজপুর ও জলপাইগুড়িতে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এদিকে মৎস্যজীবীদের জন্যও জারি হয়েছে সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। সমুদ্রপৃষ্ঠে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে আগামী ২৮ ও ২৯ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


Share