Kolkata Metro

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকেই শুরু কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ, শহিদ ক্ষুদিরাম স্টেশনে বসবে ‘রেক রিভার্সাল’

মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুরনো কবি সুভাষ স্টেশনের নকশায় কিছু গলদ ধরা পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই নতুন স্টেশনের ক্ষেত্রে কোনওরকম ত্রুটি যাতে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নকশা ও নির্মাণ সংক্রান্ত প্রতিটি বিষয় খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেই কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৬:১৩

কলকাতা মেট্রোর পুরনো কবি সুভাষ স্টেশন ভাঙার কাজ শুরু হয়েছে। ভাঙার পর্ব শেষ হলেই নতুন স্টেশন নির্মাণের কাজে হাত দেওয়া হবে। মেট্রো সূত্রে জানা যাচ্ছে, সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী এপ্রিল থেকেই নয়া কবি সুভাষ মেট্রো স্টেশনের কাজ শুরু হতে পারে।

গত অক্টোবরে মেট্রোর তরফে জানানো হয়েছিল, ‘যত দ্রুত সম্ভব’ কাজ শুরু করা হবে। তবে বাস্তবে সেই সময়সীমা পিছিয়ে এপ্রিল মাস, অর্থাৎ বাংলা নববর্ষ বৈশাখের আশপাশে গিয়ে ঠেকছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ব্লু লাইন বা নর্থ–সাউথ করিডরের অন্তর্গত নতুন কবি সুভাষ স্টেশন তৈরির কাজ এপ্রিল মাসে পুরোদমে শুরু হবে। একই সময়ে শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো রেক ঘোরানোর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো নির্মাণের কাজও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মেট্রোর তরফে কোনও সরকারি ঘোষণা করা হয়নি।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, পুরনো কবি সুভাষ স্টেশনের নকশায় কিছু গলদ ধরা পড়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই নতুন স্টেশনের ক্ষেত্রে কোনওরকম ত্রুটি যাতে না থাকে, সে বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নকশা ও নির্মাণ সংক্রান্ত প্রতিটি বিষয় খুঁটিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেই কাজ শুরু হতে কিছুটা সময় লাগছে।

বর্তমান পরিস্থিতিতে নয়া কবি সুভাষ স্টেশনের নকশা তৈরির কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং নির্মাণের বরাতও দেওয়া হয়েছে। তবু আগের মতো কোনও সমস্যা যাতে না দেখা দেয়, সে জন্য শেষ মুহূর্তে আরও কয়েকটি দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, নতুন স্টেশনের কাজ শুরুর সময়ের কাছাকাছি শহিদ ক্ষুদিরাম স্টেশনে রেক ঘোরানোর পরিকাঠামো তৈরির তোড়জোড়ও চলবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের একটি পিলারে ফাটল ধরা পড়ে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে তখনই অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাত্রীবাহী মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। তার পর থেকে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্তই মেট্রো চলাচল করছে। সে সময় মেট্রো কর্তৃপক্ষ দাবি করেছিল, শুধু প্রথম ও শেষ স্টেশন বদলানো হচ্ছে, যাত্রীদের বিশেষ অসুবিধা হবে না।

কিন্তু বাস্তবে সমস্যার গভীরতা ধরা পড়ে পরবর্তী কয়েক মাসে। প্রান্তিক স্টেশন না হওয়ায় শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো রেক ঘোরানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে যাত্রী নামিয়ে খালি রেক কবি সুভাষ স্টেশনে নিয়ে গিয়ে ঘুরিয়ে ফের দক্ষিণেশ্বরের দিকে পাঠাতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে এবং পরিষেবা ব্যাহত হচ্ছে। সময়সূচি বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল, অনেক মেট্রোকে মহানায়ক উত্তর কুমার স্টেশন পর্যন্তই চালাতে হচ্ছিল।

তবে চলতি বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। প্রথমে নির্দেশ দেওয়া হয়েছিল, দক্ষিণেশ্বরগামী মেট্রো কবি সুভাষ স্টেশন থেকে যাত্রা শুরু না করা পর্যন্ত কোনও রেক শহিদ ক্ষুদিরাম ছেড়ে কবি সুভাষের দিকে যেতে পারবে না। পরে সেই নিয়ম কিছুটা শিথিল করা হয়। তার ফলেই সাম্প্রতিক সময়ে মেট্রো পরিষেবায় খানিকটা স্বস্তি ফিরেছে।


Share