TMC Political Crisis

‘কে তৈরি করত, জানি না,’ তৃণমূল জমানায় পেশ হওয়া বাজেট নিয়ে কিছুই জানেন না চন্দ্রিমা, মমতা হাত ছেড়ে বিস্ফোরক প্রাক্তন মন্ত্রী

শনিবার চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, বাজেট তৈরির আগে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হত না। বরং তিনি বাজেটের বিষয়ে জানতে পারতেন পেশ করার কয়েক ঘণ্টা আগে। বাজেটে মধ‍্যে কী রয়েছে, যখন রাজ‍্যবাসী জানতে পারতেন তার কয়েক ঘণ্টা আগে প্রতিমন্ত্রী হিসেবে চন্দ্রিমা জানতে পারতেন বলে অভিযোগ করেন তিনি।

চন্দ্রিমা ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:৪৯

তৃণমূল জমানায় কে বাজেট তৈরি করত তা নিয়ে কিছুই জানতেন না রাজ‍্যের প্রাক্তন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সকালে তিনি তৃণমূলের রাজ‍্য সভাপতির পদ থেকে পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন। একদা ‘ঘনিষ্ঠ’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ার পরেই বিস্ফোরক অভিযোগ করেছেন।

তৃণমূল থাকাকালীন তিনি অর্থ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন। একাধিক বাজেট তিনি বিধানসভায় পেশ করেছেন। শনিবার চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, বাজেট তৈরির আগে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হত না। বরং তিনি বাজেটের বিষয়ে জানতে পারতেন পেশ করার কয়েক ঘণ্টা আগে। বাজেটে মধ‍্যে কী রয়েছে, যখন রাজ‍্যবাসী জানতে পারতেন তার কয়েক ঘণ্টা আগে প্রতিমন্ত্রী হিসেবে চন্দ্রিমা জানতে পারতেন বলে অভিযোগ করেন তিনি।

এ দিন চন্দ্রিমা আরও জানান, এই নির্দেশ নাকি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং নির্দেশ দিয়েছিলেন। এমনকী, কে বাজেট বানিয়ে দিত তা-ও তিনি জানেন না বলে দাবি করেছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “যা করেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করেছি। আনুগত্য দেখিয়েছিলাম।”

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূলের ভাঙন চওড়া হয়েছে। একের পর হেভিওয়েট নেতা-নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়েছেন। গুটিকয়েক নেতা ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর সঙ্গে নেই। শনিবার সকালে মমতার একদা ঘনিষ্ঠ চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের রাজ‍্য সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন।

চন্দ্রিমা ভট্টাচার্য চিঠিতে উল্লেখ করেছেন, গত ৩ জুন কালীঘাটের বৈঠকে তাঁকে রাজ‍্য সভাপতি করা হয়েছিল। তা থেকে তিনি পদত্যাগ করছেন। পাশাপাশি দলীয় যে সমস্ত পদে তিনি ছিলেন তা থেকেও পদত্যাগ করছেন। এ ছাড়াও, তৃণমূল কংগ্রেসের তরফে তিনি কয়েকটি ব‍্যাঙ্কের সাক্ষ‍্য করার অধিকার ছিল। তা থেকেও তিনি নিজেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তৃণমূলের হয়ে নির্বাচন কমিশনে প্রতিনিধিত্ব আর করবেন না বলেও তিনি মমতাকে চিঠি দিয়ে জানিয়েছেন চন্দ্রিমা।

এর পরেই তিনি বিধানসভায় যান। সেখানে ঢুকেই সোজা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে চলে যান। প্রসঙ্গত, তাঁর ছেলে সৌরভ বসু ইতিমধ্যেই ‘কালীঘাট তৃণমূল’-এর হাত ছেড়ে ‘ঋতব্রত গোষ্ঠী’তে নাম লিখিয়েছেন। এর পরেই চন্দ্রিমা ভট্টাচার্য কবে এই গোষ্ঠীতে আসবেন, তা নিয়ে জল্পনা ছিলই। শনিবার সেই জল্পনা ইতি পড়ল।


Share