Weather Update

আন্দামান থেকে এগোচ্ছে মৌসুমী বায়ু, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি

একদিকে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি। একই সঙ্গে দ্রুত এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি আরও বাড়বে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১০:১০

ভারতের মৌসম ভবনের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সম্পূর্ণ অংশ এবং আন্দামান সাগরের বেশিরভাগ এলাকায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। আগামী দু-তিন দিনের মধ্যে আরব সাগরের কিছু অংশ, কোমোরিন এলাকা এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ২৬ মে কেরলে বর্ষার আনুষ্ঠানিক প্রবেশের সম্ভাবনা রয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গে ছবিটা সম্পূর্ণ আলাদা। সেখানে আগামী কয়েক দিন গরম ও অস্বস্তি আরও বাড়বে। পশ্চিমের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে বলে পূর্বাভাস।

তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলীতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

এদিকে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রিরও বেশি হতে পারে। ফলে শহরবাসীকে চরম গরম ও অস্বস্তির মুখোমুখি হতে হবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের প্রভাবে হালকা ঝড়-বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে।


Share