Health Infrastructure

রাতের অন্ধকারে কলকাতার একাধিক মেডিকেল কলেজে আচমকা পরিদর্শন স্বাস্থ্যসচিবের, পরিচ্ছন্নতা নিয়ে কড়া বার্তা

সেই বৈঠকে হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও নজরদারি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। তার পরেই শনিবার রাতে বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্যসচিব।

আরজি করে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অতিরিক্ত মেডিকেল সুপার ও উপস্থিত বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠক স্বাস্থ্যসচিবের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ১২:৩০

স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো ও পরিষেবা খতিয়ে দেখতে শনিবার রাতে কলকাতার একাধিক সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে আচমকা পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। বৃহস্পতিবারই কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ ও চারটি টিচিং ইনস্টিটিউশন হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে হাসপাতালের পরিকাঠামো, পরিচ্ছন্নতা ও নজরদারি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল বলে স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে। তার পরেই শনিবার রাতে বিভিন্ন হাসপাতাল ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন স্বাস্থ্যসচিব।

সূত্রের খবর, প্রথমে তিনি যান ন্যাশনাল মেডিকেল কলেজে। পরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনআরএস, আরজি কর এবং এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন। আরজি কর মেডিকেল কলেজে গিয়ে উপাধ্যক্ষ সপ্তর্ষি চট্টোপাধ্যায়-সহ চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন তথা নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল হাসপাতাল পরিদর্শনে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্ন শৌচাগার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এরপরই হাসপাতালগুলিকে পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও সতর্ক হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে দাবি, শুধু শৌচাগার নয়, হাসপাতালের ওয়ার্ড, করিডর-সহ সমস্ত অংশ পরিষ্কার রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। হাসপাতালের বিভিন্ন অংশ দিনে অন্তত তিন বার পরিষ্কার করার নির্দেশও দেওয়া হয়েছে। সেই কাজ নিয়ম মেনে হচ্ছে কি না, তার উপরও নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।


Share