Kolkata Metro

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ব্লু লাইনে আধুনিক প্রযুক্তির ছোঁয়া, বদলে গেল থার্ড রেল ব্যবস্থা

এতদিন ব্লু লাইনে স্টিলের থার্ড রেলের মাধ্যমেই ট্রেনে বিদ্যুৎ সরবরাহ করা হত। দীর্ঘদিনের পুরনো সেই প্রযুক্তির পরিবর্তে এবার আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার শুরু করেছে মেট্রো।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ মে ২০২৬ ০৮:৫৪

কলকাতা মেট্রোর ব্লু লাইনে প্রযুক্তিগত পরিবর্তন আরোও এক ধাপ এগোল। প্রায় চার দশক পর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত রুটে পুরনো স্টিলের থার্ড রেলের বদলে বসানো হয়েছে আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেল। মেট্রো কর্তৃপক্ষের দাবি, এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত ও কার্যকর হবে। একই সঙ্গে ট্রেন চলাচলও আরও মসৃণ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এতদিন ব্লু লাইনে স্টিলের থার্ড রেলের মাধ্যমেই ট্রেনে বিদ্যুৎ সরবরাহ করা হত। দীর্ঘদিনের পুরনো সেই প্রযুক্তির পরিবর্তে এবার আধুনিক অ্যালুমিনিয়াম থার্ড রেল ব্যবহার শুরু করেছে মেট্রো। কর্তৃপক্ষের বক্তব্য, অ্যালুমিনিয়ামের বিদ্যুৎ পরিবহণ ক্ষমতা স্টিলের তুলনায় অনেক বেশি। ফলে বিদ্যুতের অপচয় কমবে এবং বিদ্যুৎ সরবরাহ আরও দ্রুত ও স্থিতিশীল হবে।

মেট্রো সূত্রে খবর, নতুন এই ব্যবস্থার ফলে ট্রেন পরিচালনায় সুবিধা মিলবে। পাশাপাশি রক্ষণাবেক্ষণের খরচও অনেকটাই কমে আসতে পারে। পুরনো পরিকাঠামোকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা ব্লু লাইনে ধাপে ধাপে এই কাজ সম্পন্ন করা হয়েছে। যাত্রী পরিষেবায় যাতে কোনও প্রভাব না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখা হয়। অধিকাংশ কাজই রাতের বেলা বা পরিষেবা বন্ধ থাকার সময়ে করা হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের দাবি, অ্যালুমিনিয়ামের নতুন থার্ড রেল ভবিষ্যতে ট্রেন চলাচলকে আরও নির্ভরযোগ্য করে তুলবে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর চাপও কমবে। প্রায় ৪০ বছর পর ব্লু লাইনে এই বড় প্রযুক্তিগত বদলকে কলকাতা মেট্রোর আধুনিকীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।


Share