TMC Political Crisis

কাউকে বাড়তি সুবিধা নয়, তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়া নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়া নিয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, বিচার্য তালিকা অনুযায়ীই মামলার শুনানি হবে, কাউকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না।

কলকাতা হাই কোর্টে ধাক্কা কালীঘাট তৃণমূলের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১২:৩৫

ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়া নিয়ে দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতির সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কাউকে বাড়তি সুবিধা দেওয়া যাবে না। তৃণমূলের কালীঘাট শিবিরের আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট জানিয়েছে, বিচার্য তালিকা অনুযায়ী মামমলার শুনানি হবে। এগিয়ে এনে মামলার শুনানি করা সম্ভব নয়।

ভোটে তৃণমূলের বিপর্যয়ের পরে ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের দখল কোন গোষ্ঠীর কাছে থাকবে তা নিয়ে সংঘাত প্রকট হয়েছে। এই পরিস্থিতিতে ‘ফ্রিজ’ হওয়া ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন‍্য কিশোর দত্ত আদালতের কাছে আর্জি জানান। তবে সেই মামলাটি ফিরিয়ে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, “বিচার্য তালিকা অনুযায়ী মামলার শুনানি হবে। এগিয়ে এনে মামলার শুনানি করা সম্ভব নয়।” আদালতের পর্যবেক্ষণ, কাউকে বাড়তি সুবিধা দেওয়া হবে না। 

অন‍্য দিকে রাজ‍্য সরকারের তরফে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি আদালতকে জানান, এই মামলা সংক্রান্ত কাগজপত্র সোমবার হাতে পেয়েছেন। তাই তিনি আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানির জন‍্য আর্জি জানান। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের হয়ে আদালতে সওয়াল করেছেন সিনিয়র আইনজীবী কে পরমেশ্বর।

দলের অভ‍্যন্তরীণ টানাপোড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টের ফ্রিজ করার আর্জি জানান কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। বেসরকারি ব‍্যাঙ্ককে চিঠি দিয়ে তিনি লেনদেন বন্ধ রাখার জন‍্য অনুরোধ করেন। পরবর্তীতে ওই অ‍্যাকাউন্ট বন্ধ রাখার জন‍্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পুলিশের দ্বারস্থ হন। ওই অ‍্যাকাউন্টে ৪৪০ কোটি টাকা রয়েছে। সেই টাকার লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর পরেই ফ্রিজ হওয়া অ‍্যাকাউন্ট খুলে দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় তৃণমূলের কালীঘাট শিবির।


Share