RG Kar Case

আরজি কর মামলায় উঠে এল নয়া তথ্য, নির্মল ঘোষ-সহ তিন জনের গ্রেফতারি চেয়ে আদালতের দ্বারস্থ নির্যাতিতার পরিবার

পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে বুধবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন তাঁরা।

আরজি কর হাসপাতালের ঘটনায় তিন জনকে গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:১২

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় আরও তিন জনের গ্রেফতারির দাবি তুলল নির্যাতিতার পরিবার। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি সোমনাথ দাস এবং সঞ্জীব মুখোপাধ্যায়ের গ্রেফতারি চেয়ে বুধবার শিয়ালদহ আদালতের দ্বারস্থ হন তাঁরা।

পরিবারের অভিযোগ, নির্যাতিতার দেহের দ্বিতীয় বার ময়নাতদন্তে বাধা দেওয়া হয়েছিল। এমনকি পরিবারের হাতে প্রয়োজনীয় নথি তুলে না দিয়েই তড়িঘড়ি দেহ দাহ করা হয় বলেও দাবি তাঁদের। এই অভিযোগের ভিত্তিতেই ওই তিন জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে আদালতে। শুনানিতে উপস্থিত ছিলেন সিবিআইয়ের আইনজীবীও।

আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, “তদন্তকারী কাকে গ্রেফতার করবে, তা কেউ নির্দেশ দিতে পারে না। আমরা একটা জবাব দিতে চাই।” এর পাল্টা নির্যাতিতার পরিবারের আইনজীবী দাবি করেন, “তার মানে আপনারা সময় চাইছেন। এটা ভাল যে ওঁরা ভাবনাচিন্তা করছেন। তিন জনের বিরুদ্ধে আমরা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চেয়েছি। ঘটনার পর তিন জন সক্রিয় হয়ে গেলেন এর মধ‍্যে প্রথম নির্মল ঘোষ। দ্বিতীয় সঞ্জীব মুখোপাধ‍্যায়। ইনি আগে বামপন্থী ছিলেন, পরে সময়ের সঙ্গে রং বদলেছেন। তাঁরা দেহ হাইজ‍্যাক করে নেন।”

পরিবারের আইনজীবী আরও জানান, ২০২৪ সালে জমা দেওয়া চার্জশিটে অতিরিক্ত চার্জশিট পেশ করার কথা বলা হলেও এখনও তা জমা পড়েনি। দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৫ জুন।

উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে তীর্থঙ্কর ঘোষকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের মা। ভোটে জয়ী হয়েছেন নির্যাতিতার মা-ই।

নতুন সরকার গঠনের আগেই শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, আরজি কর-কাণ্ড নিয়ে নতুন করে কমিশন গঠন করা হবে। বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন, ‘‘সন্দেশখালি থেকে আরজি কর হয়ে যত জায়গায় মা-বোন-কন্যাদের অত্যাচার করা হয়েছে, তা নিয়ে কমিশন বসবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’

এ দিন বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ চলাকালীনও আদালত চত্বরে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা। সেখানে তিনি বলেন, “এটার প্রায়োরিটি আগে। আমার মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। আমার এই জায়গাটা থাকবে মেয়ের জন্য অন্তত।”


Share