RG Kar Hospital

আরজি কর তদন্তে ভিসেরা স্যাম্পেল নষ্টের অভিযোগে তোপ নিহত চিকিৎসকের পরিবারের, ফরেন্সিকের তিন আধিকারিকের বিরুদ্ধে আইনি লড়াই

ওই চিঠিতে দাবি করা হয়েছে, ভিসেরা স্যাম্পেল ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক জড়িত ছিলেন। এই চিঠিকেই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে রেখে আইনি লড়াই এগিয়ে নিয়ে যেতে চাইছে পরিবার।

আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ০৪:৩৫

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের শুরু থেকেই প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। সেই অভিযোগে নতুন মাত্রা যোগ করেছে একটি চিঠি, যা ঘিরে ফের প্রশ্ন উঠছে ফরেন্সিক রিপোর্টের নির্ভুলতা নিয়ে। নিহত চিকিৎসকের পরিবারের দাবি, ভিসেরা পরীক্ষার নমুনা নষ্ট করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিকের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তাঁরা। পাশাপাশি, বিষয়টি নিয়ে সিবিআইয়ের কাছে বিস্তারিত তদন্তের আবেদন জানানো হবে বলেও জানা গিয়েছে।

পরিবার সূত্রে খবর, রাজ্য ফরেন্সিক বিভাগের এক প্রাক্তন আধিকারিক নিহত চিকিৎসকের বাবার কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে দাবি করা হয়েছে, ভিসেরা স্যাম্পেল ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছিল এবং সেই প্রক্রিয়ায় রাজ্য ফরেন্সিক বিভাগের তিন আধিকারিক জড়িত ছিলেন। এই চিঠিকেই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে সামনে রেখে আইনি লড়াই এগিয়ে নিয়ে যেতে চাইছে পরিবার।

এর আগেও সিবিআইয়ের তদন্তের অগ্রগতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছিলেন নিহত চিকিৎসকের বাবা-মা। পরে আদালতের নির্দেশে নতুন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত শুরু করে সিবিআই। তবে সেই তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছে হাই কোর্ট। গত ২৫ জুন মামলার শুনানিতে আদালত জানায়, ২১ মে সিট গঠনের যে নির্দেশ দেওয়া হয়েছিল, তার যথাযথ বাস্তবায়ন হয়নি।

এমন পরিস্থিতিতে ফরেন্সিক সংক্রান্ত নতুন অভিযোগ এবং প্রাক্তন আধিকারিকের চিঠি তদন্তে নতুন মোড় আনতে পারে কি না, তা নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে।


Share