Job Scam

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ১০ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ, প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে হেফাজতে নিল ইডি

এর আগেও একাধিক বার ইডির আধিকারিকেরা সুজিত বসুর দফতরে এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি তাঁর নামে থাকা ধাবাতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁর মেয়েকেও তলব করা হয়েছিল। জামাইকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল।

তৃণমূল নেতা সুজিত বসু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১০:২৭

পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল সাড়ে ১০টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে সুজিত বসুর গ্রেফতারির খবর জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এ দিনও এই মামলায় হাজিরা এড়িয়ে গিয়েছেন রাজ‍্যের আরেক প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ।

এর আগে গত ১ মে সিজিও কমপ্লেক্সে ইডির তলব সুজিত বসু হাজিরা দিয়েছিলেন। তবে ৪ মে, ভোটের ফলাফলের পরে এই প্রথম ইডির তলবে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন প্রাক্তন বিধাননগরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু। ইডি সূত্রের খবর, পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি ভাবে নিয়োগে চাকরিপ্রাপকদের নাম বেআইনি ভাবে সুপারিশ করেছেন। সোমবার রাত ৯টার কিছু পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

রাতে ইডির দফতরের বাইরে তাঁর আইনজীবী বেরিয়ে বলেন, সুজিত বসুর ছেলে সমুদ্র বসু এখনও ইডির দফতরেই রয়েছেন। বিধানসভা নির্বাচনের আগে একাধিক বার সুজিত বসুকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি হাজিরা দিতে পারেননি। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে যান প্রাক্তন তৃণমূল নেতা।

এর আগেও একাধিক বার ইডির আধিকারিকেরা সুজিত বসুর দফতরে এবং বাড়িতে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি তাঁর নামে থাকা ধাবাতেও তল্লাশি চালানো হয়েছিল। তাঁর মেয়েকেও তলব করা হয়েছিল। জামাইকেও পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তাঁদের বয়ানও সংগ্রহ করা হয়েছিল।

বারবার তলবের মুখে পড়ে তৃণমূল নেতা দাবি করেছিলেন, এই মামলাতে সিবিআই চার্জশিট পেশ করেছে। সুজিতের দাবি, সেখানে তাঁর নাম নেই। কিন্তু ইডির জাল থেকে তিনি রেহাই পেলেন না। তাঁকে গ্রেফতার করা হল। ইডি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে তাঁকে মেডিকেল পরীক্ষার পরে হেফাজতে রাখা হবে। মঙ্গলবার সকালে আবার শারীরিক পরীক্ষার পরে তাঁকে বিচারভবনে হাজির করানো হবে।


Share