TMC Political Crisis

ইডির নজরে তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট, সাতসকালে কলকাতা-সহ পাঁটি জায়গায় চলছে তল্লাশি

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরেছে। এই টানাপোড়েনের কথা উল্লেখ করে দলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন করেন অরূপ বিশ্বাস। ওই চিঠিতে তিনি নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১২:২০

ইডি স্কানারে তৃণমূলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট। এ সেই সংক্রান্ত মামলায় আসরে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা তল্লাশি শুরু করেছে। বাড়ির এবং সংস্থার দফতর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ঘিরে রেখেছেন। 

ইডি সূত্রের খবর, কলকাতা-সহ পাঁচটি ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। লালবাজারে একটি টুর ও ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চলছে। সল্টলেকের সিজি ব্লকের ওই সংস্থার মালিকের বাড়িতে ইডির আধিকারিকেরা গিয়েছেন। জানা গিয়েছে, ওই মালিকের একাধিক টুর ও ট্রাভেল সংস্থা রয়েছে। তার মধ্যে অ‍্যাভিয়েশন (উড়ান) সংস্থা রয়েছে। তারা চাটার্ড বিমান ভাড়া দেন। ইডি সূত্রের খবর, ওই সংস্থাটি তৃণমূলের একাধিক নেতাদের চাটার্ড বিমান পরিষেবা দিয়েছিল।

ইডি সূত্রের আরও জানা গিয়েছে, গত কয়েক দিন আগে ইডির আধিকারিকেরা বৈঠক করেন। দিল্লির কর্তাদের সবুজ সঙ্কেত পাওয়ার পরে পরে কলকাতার জোনাল অফিসে ইসিআইআর দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত করার পরেই ইডি আসরে নেমেছে। ওই ট্রাভেল এজেন্সি তৃণমূলের নেতাদের বিদেশযাত্রা এবং চাটার্ড বিমান কীভাবে ভাড়া দিয়েছিলেন তা জানতে চাইছে ইডি। এই সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার বদলে তৃণমূলের তহবিলে অর্থ জমা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে তৃণমূলের সংসদীয় এবং পরিষদীয় দলে ভাঙন ধরেছে। এই টানাপোড়েনের কথা উল্লেখ করে দলের ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন করেন অরূপ বিশ্বাস। ওই চিঠিতে তিনি নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় দিয়েছিলেন।

পরে গত ১৮ জুন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, বড় ধরণের সাইবার প্রতারণার টাকা কিছু অ‍্যাকাউন্টে ঢুকেছে। তার মধ্যে তৃণমূলের ব‍্যাঙ্ক রয়েছে। এমন গুরুতর অভিযোগ পাওয়ার পরের দিনই বেসরকারি ব‍্যাঙ্ককে নোটিস দিয়ে অ‍্যাকাউন্ট ফ্রিজ করে দেয় পুলিশ। ওই মামলাতেই তদন্ত শুরু করে ইডি। সেই মামলাতেই মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে। সূত্র ধরেই চাটার্ড বিমান সংস্থা মালিকের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডি।


Share