Land Scam

জমি দখল মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদ, অবশেষে ইডির জালে প্রভাবশালী মমতা ঘনিষ্ঠ পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস

একাধিক বার তাঁকে জমি দখল মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। পাঁচবার ডাকার পরেও বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। পরে তাঁর বিরুদ্ধে ইডি লুকআউট নোটিস জারি করে।

ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ১০:০৬

অবশেষে গ্রেফতার প্রভাবশালী কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস। অবৈধ ভাবে জমি দখলে আর্থিক দুর্নীতি মামলায় এই পুলিশকর্তাকে গ্রেফতার করা হয়েছে। শান্তনু সিংহ বিশ্বাস প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

একাধিক বার তাঁকে জমি দখল মামলায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। পাঁচবার ডাকার পরেও বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন। পরে তাঁর বিরুদ্ধে ইডি লুকআউট নোটিস জারি করে। বৃহস্পতিবার সকালে প্রভাবশালী এই ডেপুটি কমিশনার দু’জন আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। প্রায় ১০ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৯টার কিছু পরে তাঁকে গ্রেফতার করা হয়ছে। আগামীকাল বিচারভবনের ইডির বিশেষ আদালতে তাঁকে হাজির করানো হবে।

ইডি সূত্রের খবর, তিনটি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য প্রভাবশালী পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাসকে ডাকা হয়েছিল। একটি ছিল, সোনা পাপ্পুর তোলাবাজি এবং প্রতারণা সংক্রান্ত মামলা, দ্বিতীয়টি এনআরআই কোটায় মেডিকেল কোর্সে ভর্তি, তৃতীয়টি মামলা ছিল বালি পাচারের।

জানা গিয়েছে, শান্তনু সিংহ বিশ্বাসকে সোনা পাপ্পুর তোলাবাজি এবং প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে। ইডির তরফে জানানো হয়েছে, বেহালার নির্মাণ ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়, এই ব্যবসায়ীর বাড়িতে পাওয়া নথিপত্র পরীক্ষা করে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ ‌বিশ্বাসের নাম পাওয়া যায়। সেই সূত্র ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। ইডি সূত্রের দাবি, বেনামে একাধিক জায়গায় সম্পত্তি  তাঁর।

এ ছাড়াও, আদালতের যে রিপোর্ট ইডি জমা দিয়েছিল, সেখানেও শান্তনু সিংহ বিশ্বাস সম্পর্কিত একাধিক চাঞ্চল্যকর দাবি তদন্তকারীরা করেন। সেখানে বলা হয়, একটি সিন্ডিকেট, নেক্সাস চালাতেন কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস। জয় কামদারের সঙ্গে ছিল এই নেক্সাস অতপ্রথ ভাবে জড়িত। কলকাতা শহরের একাধিক জায়গায় যাঁদের জমি রয়েছে, তাঁদের নামে ভুয়ো এফআইআর করে, থানায় ডেকে চাপ সৃষ্টি করা হতো এবং জমি দখল করা হতো। পুরোটাই প্রভাব খাটিয়ে করতেন শান্তনু সিংহ বিশ্বাস। তাঁর মদতে বিভিন্ন জায়গায় জমি দখল করতেন জয় কামদার। যে টাকা উঠত তা পাচার করা হয়েছে বিদেশে। পৌঁছে গিয়েছে প্রভাবশালীদের কাছেও।

কিন্তু ইডির সূত্রের খবর, কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে একাধিক প্রশ্ন করা হয়েছে। বারবার তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। তথ্য গোপন করেছেন। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এমনকী ইডির তরফে শান্তনু সিংহ বিশ্বাসকে বিভিন্ন নথি দেখানো হলেও তিনি দাবি করেন যে, এইসব ব্যাপারে তিনি কিছুই জানেন না। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে ইডি গ্রেফতার করেছে।


Share