Calcutta High Court

কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করে ভাঙতে হবে বেআইনি নির্মাণ! পূর্ব কলকাতা জলাভূমি ভরাট মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

অভিযোগ, পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে পাঁচ শতাধিক অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এই অভিযোগকে সামনে রেখেই হাই কোর্টে মামলা দায়ের হয়। পূর্ববর্তী শুনানিগুলিতে আদালত রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে এবং পুলিশের সহায়তায় পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়।

বেআইনি নির্মাণ নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭

পূর্ব কলকাতার জলাভূমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পক্ষভুক্তি করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। মামলার শুনানিতে রাজ্য সরকার ও কলকাতা পুরসভার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিংহ। তাঁর স্পষ্ট মন্তব্য, প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে বেআইনি নির্মাণ ভাঙতে হবে।

অভিযোগ, পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে পাঁচ শতাধিক অবৈধ নির্মাণ গড়ে উঠেছে। এই অভিযোগকে সামনে রেখেই হাই কোর্টে মামলা দায়ের হয়। পূর্ববর্তী শুনানিগুলিতে আদালত রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। পুলিশের সহায়তায় পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয়।

কিন্তু আবেদনকারীদের দাবি, বাস্তবে তেমন কোনও পদক্ষেপ করা হয়নি। অনেক জায়গা এখনও চিহ্নিতই করা হয়নি। সোমবারের শুনানিতে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক আদালতে একটি রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি সিংহ ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, একটার পর একটা রিপোর্ট জমা পড়ছে, কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি নেই। বিচারপতির বক্তব্য, তিনি আর রিপোর্ট নয়, ফলাফল দেখতে চান।

স্থানীয় কর্তৃপক্ষ আদালতে জানায়, নির্মাণ ভাঙার আগে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা জরুরি। চৌবাগা-সহ কয়েকটি এলাকায় সেই কাজ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের।ফলে অভিযান আর এগোনো যায়নি।

এই প্রেক্ষিতে বিচারপতি সিংহ মন্তব্য করেন, ‘‘একাধিক বার নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্য এবং পুরসভা পদক্ষেপ কোনও করছে না। বেআইনি নির্মাণ ভাঙতে রাজ্য যদি আদালতের নির্দেশ কার্যকর করতে না পারে, তবে কেন্দ্রের সহযোগিতা নেওয়া হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ওই সব বেআইনি নির্মাণ ভাঙা হবে।’’ তার পরেই এই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল আদালত। আগামী ১৬ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।


Share