Calcutta High Court

মধ্যরাতে বুলডোজার নিয়ে নিউ মার্কেটে ভাঙচুর, জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল উন্মত্ত মানুষ একটি বুলডোজার নিয়ে ওই এলাকায় চড়াও হয়। বুলডোজারের সাহায্যে ভেঙে দেওয়া হয় বিভিন্ন দোকান এবং তৃণমূল কংগ্রেসের একটি স্থানীয় পার্টি অফিস।

কলকাতা হাই কোর্ট
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০৪:১৬

৪ মে প্রকাশিত হয়েছে বিধানসভা নির্বাচনের ফলাফল। তার পরেই পরেই কলকাতার নিউ মার্কেটে মাঝরাতে বুলডোজার দিয়ে ভাঙচুর চালানো হয়। এ বার সেই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। হগ মার্কেট এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ভাঙচুরের ঘটনায় পদক্ষেপ চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।

অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে একদল মানুষ একটি বুলডোজার নিয়ে ওই এলাকায় চড়াও হয়। বুলডোজারের সাহায্যে ভেঙে দেওয়া হয় বিভিন্ন দোকান। তৃণমূলের একটি স্থানীয় পার্টি অফিস গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার ভিত্তিতে কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করা হয়।

মামলাকারীর আবেদন, রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ভাবে সাধারণ মানুষের দোকান-সহ মূর্তি ভেঙে ফেলার ঘটনা ঘটছে, তাতে অবিলম্বে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিক আদালত। এই পুরো পরিস্থিতির তদন্ত যাতে আদালতের নজরদারিতে হয়, সেই আর্জিও জানানো হয়েছে। আদালত মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ৮ মে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার গভীর রাতের সেই ঘটনার কথা বলতে গিয়েও আতঙ্ক কাটছে না হগ মার্কেটের ব্যবসায়ীদের। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, শহর যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বিকট ইঞ্জিনের শব্দে কেঁপে ওঠে পুরো নিউ মার্কেট চত্বর। দেখা যায়, একটি বুলডোজার নিয়ে কয়েকজন দুষ্কৃতী এলাকায় ব্যাপক ভাঙচুর চালাচ্ছে। খবর পেয়ে নিউ মার্কেট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও, ততক্ষণে অভিযুক্তরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই শহরের বিভিন্ন প্রান্তে ঘাসফুল শিবিরের ইউনিয়ন ও পার্টি অফিসগুলিকে নিশানা করা হচ্ছে। তবে খাস কলকাতার বুকে বুলডোজার এনে এ ভাবে হামলার ঘটনা নজিরবিহীন বলেই মত অনেকের। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করলেও, গেরুয়া শিবির সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিজেপির দাবি, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই, বরং এটি তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

মধ্যরাতের এই ঘটনার পর থেকেই নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী মহলে চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঐতিহ্যবাহী ও জনবহুল এই বাজারে সারা বছর দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। সেই জায়গাতেই এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। এখন নজর শুক্রবার উচ্চ আদালতের শুনানির দিকে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে আদালত কী বার্তা দেয়, সেটাই দেখার।


Share