Fake Birth Certificate

এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট কাণ্ডে বড় পদক্ষেপ, পুরসভার জারি করা জন্ম শংসাপত্র ফের খতিয়ে দেখবে রাজ্য সরকার

দুর্নীতি ও কারচুপির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কাটমানি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের পর এ বার স্ক্যানারে এসেছে জন্ম শংসাপত্র জারির প্রক্রিয়া।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৪:৫৩

এসআইআর আবহে বিভিন্ন পুরসভার ইস্যু করা জন্ম শংসাপত্র এ বার বিজেপি সরকারের নজরে। সূত্রের খবর, এসআইআর চলাকালীন পুরসভাগুলি থেকে যে সব বার্থ সার্টিফিকেট জারি করা হয়েছে, সেগুলি পুনরায় খতিয়ে দেখতে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।

দুর্নীতি ও কারচুপির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। কাটমানি, তোলাবাজি ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপের পর এ বার স্ক্যানারে এসেছে জন্ম শংসাপত্র জারির প্রক্রিয়া। অভিযোগ, এসআইআর পর্বে বিপুল সংখ্যক বার্থ সার্টিফিকেট জারি করা হয়েছে, যার বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনের অন্দরে।

এই প্রসঙ্গে অতীন ঘোষ বলেন, "এখন যদি হঠাৎ মনে হয় রিভিউ করার, রিভিউ হোক। এই বিরোধী দলনেতা আরটিআই করেছিলেন, আমি কলকাতা পুরসভার হাউসে দাঁড়িয়ে রেকর্ডে জবাব দিয়েছিলাম। নম্বর বলেছিলাম। এখন যদি করতে চায় করুক। কোনও অসুবিধা নেই।"  

ভোটের আগে এসআইআর আবহে ভুয়ো জন্ম শংসাপত্র বিতরণের অভিযোগ তুলে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের কাছে অভিযোগ জানিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, কলকাতা পুরসভা গণহারে জন্ম শংসাপত্র বিতরণ করছে, যা প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় থাকা সন্দেহভাজন ব্যক্তিদের সুবিধা করে দেওয়ার উদ্দেশ্যে করা হচ্ছে।

ক্ষমতায় আসার পর এবার সেই সমস্ত বার্থ সার্টিফিকেট পুনরায় যাচাই করতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। জোড়াসাঁকোর বিজেপি বিধায়ক বিজয় ওঝাঁ বলেন, "হঠাৎ দেখা যাচ্ছে, অনেকজন বাড়িতেই জন্ম নিয়ে নিয়েছে। ওই সংখ্যাটা অনেক বড়। এই যে এসআইআর-এর নাম করে কতজনকে জন্ম করিয়েছে এটা রিভিউ হওয়া দরকার।"

বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। সূত্রের খবর, কীভাবে জন্ম শংসাপত্রগুলি যাচাই করা হবে, তা নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে ওই বৈঠকে। 


Share