Liqour Sale

দাম বাড়তেই বিক্রিতে ভাটা! ডিসেম্বরেই রাজ্যে দেশি মদের বিক্রি কমল ২৫ শতাংশ, কারণ জানাল আবগারি দফতর

ডিসেম্বরে মদের দাম বাড়তেই রাজ্যে দেশি মদ বিক্রি কমল প্রায় ২৫ শতাংশ। নভেম্বরে আগাম মজুতের প্রভাবেই এই পতন বলে দাবি আবগারি দফতরের। তবু ২০২৫-২৬ অর্থবর্ষে বাড়তি চার হাজার কোটি রাজস্বের আশায় রাজ্য।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৯

ডিসেম্বর মাসে দেশি ও বিদেশি উভয় ধরনের মদের দাম বৃদ্ধি করেছিল আবগারি দফতর। সেই মাসেই রাজ্য জুড়ে দেশি মদের বিক্রি নেমে দাঁড়ায় চার কোটি ৮২ লক্ষ ৩৭ হাজার ০৩১ বোতলে, যা নভেম্বর মাসের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসে ডিসেম্বরের চেয়ে এক কোটি ২০ লক্ষ ৫৯ হাজার ২৫৭ বোতল বেশি মদ বিক্রি হয়েছিল।

এই বিক্রি কমে যাওয়ার কারণ হিসেবে আবগারি দফতর তাদের প্রকাশিত বিজ্ঞপ্তির একটি অংশকেই দায়ী করেছে। দফতরের এক আধিকারিক জানান, বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল যে নতুন দাম কার্যকর হওয়ার আগে, অর্থাৎ ৩০ নভেম্বর পর্যন্তই পুরনো দামে মজুত থাকা মদ বিক্রি করা যাবে। সময়সীমা পেরিয়ে গেলে পুরনো দামে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয় এবং নির্দেশ অমান্য করলে জরিমানা থেকে শুরু করে লাইসেন্স বাতিল পর্যন্ত কঠোর শাস্তির কথাও উল্লেখ ছিল।

ওই আধিকারিকের আরও বক্তব্য, এই বিজ্ঞপ্তির বিষয়টি জানতে পেরে বহু সুরাপ্রেমী নভেম্বর মাসেই বেশি পরিমাণে মদ কিনে মজুত করতে শুরু করেন। তারই সরাসরি প্রভাব পড়ে ডিসেম্বর মাসের বিক্রির পরিসংখ্যানে।

তবে এই সাময়িক বিক্রি কমে যাওয়ায় আবগারি দফতর বিশেষ চিন্তিত নয়। তাদের আশাবাদ, মদের দাম বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় চার হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় করা সম্ভব হবে। রাজ্যের একাংশ সরকারি আধিকারিকদের মতে, রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে আবগারি নীতি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।


Share