Urban Development

পুরবোর্ড নেই, তবু থামবে না পরিষেবা! মুখ্যমন্ত্রীর নির্দেশে ‘মুখোমুখি’ উদ্যোগ, হেল্পলাইনে ফোন করলেই সরাসরি শুনবেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সমাজমাধ্যমে এই বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য ৭ জুলাই, সোমবার থেকেই চালু হচ্ছে এই পরিষেবা।

রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৬ ১২:৩১

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কলকাতা পুরসভার প্রশাসনে একের পর এক পরিবর্তন দেখা যায়। কাজের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলে একাধিক কাউন্সিলর পদত্যাগ করেন। পরে দায়িত্ব ছাড়েন মেয়র ফিরহাদ হাকিমও। এর পরই কলকাতা পুরসভার বোর্ড ভেঙে দেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য শহরের বিভিন্ন নাগরিক পরিষেবা পরিচালনায় প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়। বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসনিক ও নাগরিক পরিষেবার সমস্ত দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে। এই পরিস্থিতিতে নাগরিকদের অভিযোগ, সমস্যা ও পরামর্শ সরাসরি শোনার লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে শুরু হতে চলেছে ‘মুখোমুখি’ নামে একটি বিশেষ কর্মসূচি, যার মাধ্যমে শহরবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করবে প্রশাসন।

পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে সমাজমাধ্যমে এই বিশেষ উদ্যোগের ঘোষণা করা হয়েছে। কলকাতা পুরসভা এলাকার বাসিন্দাদের জন্য ৭ জুলাই, সোমবার থেকেই চালু হচ্ছে এই পরিষেবা।

এই উদ্যোগের মাধ্যমে নাগরিকরা তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ, মতামত বা পরামর্শ সরাসরি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে তুলে ধরতে পারবেন। সে জন্য চালু করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৮০০২০৩৫১২৩। নির্ধারিত দিনে বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত এই নম্বরে ফোন করলে সরাসরি মন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ মিলবে। শুধু মন্ত্রীই নন, এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন পুর ও নগরোন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকেরাও। ফলে অভিযোগ বা সমস্যার কথা জানানো মাত্রই তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। এর পাশাপাশি, শহরের আবর্জনা ও অন্যান্য দৈনন্দিন সমস্যা মেটাতে পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে আরও একটি বিশেষ টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে খুব সহজেই প্রশাসনের কাছে পৌঁছোতে পারেন, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।

শহরের কোথাও জল জমে থাকা, ডেঙ্গির প্রকোপ বৃদ্ধি, রাস্তাঘাটের বেহাল অবস্থা কিংবা বেআইনি বহুতল বা বাড়ি নির্মাণ সংক্রান্ত যে কোনও অভিযোগ এ বার সরাসরি হেল্পলাইন নম্বরে জানাতে পারবেন নাগরিকরা। এই পরিষেবা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চালু থাকবে। পুরবোর্ড না থাকলেও নাগরিক পরিষেবায় যাতে কোনও ব্যাঘাত না ঘটে এবং সাধারণ মানুষের অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই জোড়া হেল্পলাইন চালু করেছে।


Share