Weather Update

গরমের মাঝে স্বস্তির ইঙ্গিত, আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, নামতে পারে পারদ

আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। অন্য দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকলেও বুধবারের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।

রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১০:৩০

স্বস্তির খবর। রাজ্যে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আগামী সপ্তাহ থেকেই বদলাতে পারে আবহাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এর প্রভাবে তাপমাত্রাও কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অন্য দিকে, বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট ধীরে ধীরে কমার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্তমানে উড়িষ্যায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়াও উত্তরপ্রদেশ থেকে ওই ঘূর্ণাবর্ত পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতরের মতে, রবিবার পর্যন্ত এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলতে পারে। সোমবার ও মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

অন্য দিকে দক্ষিণবঙ্গে এখনই স্বস্তির কোনও ইঙ্গিত নেই। গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে কলকাতা-সহ অধিকাংশ জেলাতেই। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ভ্যাপসা গরম বেশি অনুভূত হতে পারে। আবহাওয়াবিদদের মতে, ফিল্ড লেভেল টেম্পারেচার বা অনুভূত তাপমাত্রা আরও বেশি হতে পারে।

তবে পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে পূর্বাভাস। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও বৃহস্পতিবার এবং শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Share