Paikpara Blast

ক্লাবের টিনের চাল উড়ে গিয়ে পড়ল পাশের বাড়ির ছাদে, পাইকপাড়ায় পরপর বিস্ফোরণ, ঘটনাস্থলে দমকল ও পুলিশের বোম্ব স্কোয়াড

বিস্ফোরণের পরে আগুন লেগে যায়। আশেপাশে বাড়ির লোকেরা আগুন নেভানোর কাজ করে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি। একটি তাজা বোমা পড়ে রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, পাইকপাড়া
  • শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৬ ১১:২৯

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগেই খাস কলকাতায় বিস্ফোরণ। বিস্ফোরণের অভিঘাতে টিনের চাল উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদে গিয়ে পড়েছে। তার পরে আগুন ধরে যায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

শনিবার সকাল ৬টা নাগাদ পাইকপাড়ায় ঘটনাটি ঘটেছে। সেখানকার গাঙ্গুলি বাগানের একটি পরিত্যক্ত ক্লাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। সাতসকালে পরপর বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের অভিঘাতে আশেপাশের জানালার কাচ ভেঙে গিয়েছে। ক্লাবে টিনের ছাউনি উড়ে গিয়ে পাশের চারতলা বাড়ির ছাদে গিয়ে পড়েছে।

বিস্ফোরণের পরে আগুন লেগে যায়। আশেপাশে বাড়ির লোকেরা আগুন নেভানোর কাজ করে। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি। একটি তাজা বোমা পড়ে রয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে চিৎপুর থানার পুলিশ। বোম্ব স্কোয়াড গিয়ে তল্লাশি চালাচ্ছে। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। একাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এক বাসিন্দা বলেন, “সকালে ঘুমোচ্ছিলাম। সেই সময় বিস্ফোরণ ঘটে। বাড়ির ছাদে টিন উড়ে এসে পড়েছে।” সামনেই নির্বাচন। তার আগে এলাকায় নজরদারি বাড়ানোর দাবি করেন তাঁরা। আরেক বাসিন্দার ও ক্লাবের সদস্যদের অভিযোগ, প্রোমোটার ক্লাবের জমি দখল করার চেষ্টা করছেন। তাই পরিকল্পিত ভাবে এই কাজ করা হয়েছে। কে বা কারা এই পরিতক্ত ক্লাবের ভিতরে বিস্ফোরক মজুদ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share