Body Recovery

শান্তিনিকেতনের হোম-স্টেতে যুবকের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা উঠছে প্রশ্ন, তদন্তে পুলিশ

শান্তিনিকেতনের তালতোড় এলাকার একটি হোম-স্টে থেকে সুরজিৎ পাল (২৬) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে অনুমান পুলিশের, তবে পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিনিকেতন
  • শেষ আপডেট: ১৩ আগস্ট ২০২৬ ০৪:৪০

শান্তিনিকেতনে একটি হোম-স্টে থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার তালতোড় এলাকার একটি হোম-স্টে থেকে সুরজিৎ পাল (২৬) নামে ওই যুবকের দেহ উদ্ধার করে শান্তিনিকেতন থানার পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে অনুমান পুলিশের। যদিও পরিবারের দাবি, সুরজিৎকে পরিকল্পনা করে খুন করা হয়েছে।

বড়ঞা থানার বাসিন্দা সুরজিৎ। তিনি একটি অনলাইন ডেলিভারি সংস্থায় কাজ করতেন। কাজের প্রয়োজনে বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন লজ এবং হোম-স্টেতে থাকতেন। সম্প্রতি তালতোড়ের ওই হোম-স্টেতে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। বুধবার দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ঘর থেকে কোনও সাড়া মেলেনি। ফলে হোম-স্টে কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। এরপর শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘর থেকে সুরজিতের ঝুলন্ত দেহ উদ্ধার করে।

দেহটি ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই মৃতের পরিবার শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

পরিবারের পক্ষ থেকে ঘটনার পিছনে খুনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুরজিতের আত্মীয় গণেশচন্দ্র মণ্ডলের বক্তব্য, গোটা ঘটনাটিই তাঁদের কাছে অত্যন্ত সন্দেহজনক। তাঁর প্রশ্ন, আত্মহত্যা করলে মৃতদেহের অবস্থান এমন কেন ছিল? ঘরের ছিটকিনি বাইরে থেকে খোলা বা লাগানো সম্ভব কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই কেন দেহ নামানো হল, সেই প্রশ্নও তিনি তুলেছেন।

সুরজিতের বন্ধু সৌরভ ঘোষের অভিযোগ, তাঁরা হোম-স্টেতে পৌঁছে দেখেন ঘরটি পরিষ্কার করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, ময়নাতদন্তের আগেই কেন ঘর পরিষ্কার করা হল, তা নিয়ে তাঁরা কর্তৃপক্ষকে প্রশ্ন করেন। বন্ধুকে আত্মহত্যা করার মতো মানুষ বলে তাঁরা মনে করেন না বলেও দাবি করেছেন সৌরভ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

খুন নাকি আত্মহত্যা—এই মুহূর্তে সেটাই সব থেকে বড় প্রশ্ন। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেন্সিক পরীক্ষার ফল হাতে আসার পরই সুরজিতের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করছে পরিবার।


Share