Body Recovery

বিয়েতে পরিবারের আপত্তি? সিউড়িতে বন্ধ ঘর থেকে প্রেমিক ও নাবালিকা প্রেমিকার দেহ উদ্ধার

মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের সিউড়ির গোপালপুর গ্রামে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০৭:৩০

সাতসকালে বন্ধ ঘর থেকে প্রেমিক-প্রেমিকার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের সিউড়ি থানার গোপালপুর গ্রামে। মঙ্গলবার সকালে একটি ঘর থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অন্য দিকে, একই ঘরের খাটের উপর ১৭ বছরের নাবালিকা প্রেমিকার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দু’জনেই আত্মঘাতী হয়েছেন। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের শেখ ইমরানের সঙ্গে একই গ্রামের ১৭ বছরের এক ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁদের বিয়ের কথাও দুই পরিবারের মধ্যে আলোচনা হয়। কিন্তু যুবকের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না বলে স্থানীয় সূত্রে দাবি। সেই কারণেই মানসিক চাপ থেকে দু’জনে এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, সোমবার রাতে ইমরান ওই নাবালিকার বাড়িতে যায়। এরপর মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘরটি বন্ধ থাকায় পরিবারের সদস্য ও স্থানীয়দের সন্দেহ হয়। ঘরের ভিতর থেকে কোনও সাড়াও পাওয়া যায়নি। তড়িঘড়ি দরজা ভাঙ্গা হয়। ভিতরে ঢুকতেই দেখা যায়, যুবকের দেহ ঝুলছে। খাটের উপর পড়ে রয়েছে নাবালিকার দেহ। তাঁর গলাতেও ফাঁসের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’জনের দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক অনুমান, গলায় ফাঁস দিয়েই দু’জন আত্মঘাতী হয়েছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে চাইছে না।

স্থানীয়দের একাংশের দাবি, কোনও বিষয়কে কেন্দ্র করে দু’জনের মধ্যে মানসিক চাপ বা বিবাদ তৈরি হয়েছিল। যদিও ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। দু’টি দেহেরই ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি, এই ঘটনার পিছনে অন্য কারও ভূমিকা বা প্ররোচনা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখছে সিউড়ি থানার পুলিশ। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।


Share