BJP Worker Death

পুরুলিয়ায় বিজেপি নেতার দেহ উদ্ধার, শুরু হয়েছে রাজনৈতিক তরজা, খুনের অভিযোগ করছেন গেরুয়া শিবির

রাতভর নিখোঁজ থাকার পর শনিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত খুন। যদিও পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

বিজেপি কর্মীর দেহ উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৩:৪৮

এ বার পুরুলিয়ায় বিজেপি নেতার রহস্য মৃত্যুর ঘটনা ঘটনা ঘটল। নির্বাচনে পালাবদলের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটছে। ইতিমধ্যেই অনেক বিজেপি কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগের ঘটনা সামনে এসেছে। এই আবহের মধ্যেই রাতভর নিখোঁজ থাকার পর শনিবার সকালে বিজেপির শক্তিকেন্দ্র প্রমুখের দেহ উদ্ধার হল। পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃত বিজেপি নেতার নাম হাবুলাল গোপ (৪৫)। তিনি আড়শা থানার বেলডি ২৬৯ বুথ এলাকার বাসিন্দা ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা প্রায় ছয়টা নাগাদ হাবুলাল গোপ কানালি গ্রামে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ভাগ্নে গিরিধারী গোপও ছিলেন। অভিযোগ, রাতের পর থেকেই বিজেপি নেতার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু তাঁর ফোন বন্ধ ছিল। তাই কোনভাবেই তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এরপর শনিবার সকালে কানালি গ্রামের একটি এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। 

জয়পুরের বিজেপি বিধায়ক হলেন বিশ্বজিৎ মাহাতো বর্তমানে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কলকাতায় রয়েছেন। সেখান থেকেই তিনি দলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর দাবি, দেহ উদ্ধারের সময় হাবুলাল গোপের মুখে রক্তের দাগ ছিল। পেটেও আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। বিজেপির অভিযোগ, এটি পরিকল্পিত খুন হতে পারে।

পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন, “দেহে কোনও ক্ষতচিহ্ন নেই। ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” মেডিক্যাল কলেজে এসে আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, ”এটি একেবারে খুনের ঘটনা। শরীরে রক্তের দাগ রয়েছে। ঘটনার তদন্ত প্রয়োজন।” যদিও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ কি, তা আনুষ্ঠানিক ভাবে পুলিশ কিছু জানায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে।

এদিকে শনিবারেই ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। তার আগে দলীয় নেতার দেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিক ভাবেই হতাশ গেরুয়া শিবির।


Share