CJP Protest

যন্তর মন্তরের পর ফের রাস্তায় ‘আরশোলা’! আগামী ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশ সদর দফতর পর্যন্ত মিছিল

আগামী ৫ সেপ্টেম্বর তাঁরা ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিল করার ঘোষণা করেছে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের আশঙ্কা, প্রতিবাদের আড়ালে ‘আরশোলা’রা ফের বড়সড় বিক্ষোভের পরিকল্পনা করছে।

সিজেপির আন্দোলন।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ০৭:২০

গত মাসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল দিল্লির যন্তর মন্তর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ‘আরশোলা’রা ফের সরকার-বিরোধী আন্দোলনের ডাক দিয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর তাঁরা ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত মিছিল করার ঘোষণা করেছে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের আশঙ্কা, প্রতিবাদের আড়ালে ‘আরশোলা’রা ফের বড়সড় বিক্ষোভের পরিকল্পনা করছে।

সিজেপি মুখপাত্র সৌরভ দাসের অভিযোগ, তরুণ আন্দোলনকারী ও তাঁদের পরিবারের কাছে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘জেন জি, তরুণ আন্দোলনকারী এবং মৃতদের পরিবারের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, তা বরদাস্ত করব না।’ সৌরভ বলেন, “গত ২৫ জুলাই তরুণ আন্দোলনকারীদের কাছে ভারত সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেগুলি তারা আদৌ রক্ষা করবে কি না তা নিয়ে আমরা সংশয়ে রয়েছি। তাই একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের ডাক দেওয়া হয়েছে, যা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদর দফতর পর্যন্ত হবে। আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবার এবং গত ২০ জুলাই পুলিশের হাতে নির্যাতিত ব্যক্তিরা এই মিছিলের নেতৃত্ব দেবেন।”

এ দিকে দেশজুড়ে সরকারি স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার হাল ফেরানোর দাবিতে ককরোচ জনতা পার্টি পথে নেমেছে। দলের তরফে বিভিন্ন রাজ্যের সরকারি স্কুল পরিদর্শন করা হচ্ছে। এই কর্মসূচিতে ‘ককরোচ’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক, নেতা আশুতোষ রাঙ্কা-সহ দলের অন্যান্য সদস্যরা অংশ নিচ্ছেন। এই কর্মসূচিকে ঘিরেই মহারাষ্ট্রের আউসা থানায় অভিজিৎ দীপকের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ, স্থানীয় প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ককরোচ নেতৃত্ব স্কুল চত্বরে প্রবেশ করেছিলেন। ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।


Share