ISRO

বছরের শুরুতেই মহাকাশে ধাক্কা! PSLV-C62 ব্যর্থ, হারাল ডিআরডিও-র ‘অণ্বেষা’-সহ ১৬ স্যাটেলাইট

বছরের শুরুতেই ধাক্কা ইসরোর। PSLV-C62 উৎক্ষেপণে তৃতীয় ধাপে বিপর্যয়, যোগাযোগ বিচ্ছিন্ন। ডিআরডিও-র ‘অণ্বেষা’-সহ ১৬ স্যাটেলাইট কক্ষপথে বসেনি। মিশন ব্যর্থ বলে স্বীকার, তদন্ত শুরু।

PSLV-C62 উৎক্ষেপণে তৃতীয় ধাপে বিপর্যয়
নিজস্ব সংবাদদাতা, শ্রীহরিকোটা
  • শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ০২:১৫

বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ইসোর। ২০২৬ সালের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণেই ব্যর্থতার মুখে পড়ল দেশের মহাকাশ সংস্থা। সোমবার সকালে PSLV-C62 রকেটের উৎক্ষেপণ প্রাথমিকভাবে সফল হলেও লক্ষ্যে পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে। উৎক্ষেপণের তৃতীয় ধাপে ইসরো-র সঙ্গে রকেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর জেরে ডিআরডিও-র গুরুত্বপূর্ণ স্যাটেলাইট-সহ মোট ১৬টি উপগ্রহ মহাকাশে চিরতরে হারিয়ে গিয়েছে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। এই অপ্রত্যাশিত বিভ্রাটের কারণ খতিয়ে দেখতে শুরু করেছে ইসরো।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ২৬০ টন ওজনের PSLV-C62 রকেট উৎক্ষেপণ করা হয়, যার সঙ্গে ছিল ১৬টি স্যাটেলাইট। উৎক্ষেপণের প্রথম দুটি ধাপ নির্বিঘ্নে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় স্যাটেলাইটগুলি নির্ধারিত কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়নি। ইসরো তাদের এক্স হ্যান্ডলে জানিয়েছে, এই মিশনটি ব্যর্থ হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, ‘PSLV C62 -তে PS3 পর্যায়ের শেষের দিকে অসঙ্গতি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে বিশদে বিশ্লেষণ করা হচ্ছে।’ বিজ্ঞানীদের আশঙ্কা, এই ব্যর্থতার ফলে হাজার কোটি টাকার স্যাটেলাইট মহাকাশেই হারিয়ে গিয়েছে।

এই মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপগ্রহ ছিল ডিআরডিও-র তৈরি ‘অণ্বেষা’ স্যাটেলাইট, যার সরকারি নাম EOS-N1। এই উপগ্রহ সফলভাবে কক্ষপথে বসানো গেলে ভারতের প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারত। শত্রু দেশগুলির উপর মহাকাশ থেকে নজর রাখার জন্যই এই স্যাটেলাইট ব্যবহারের পরিকল্পনা ছিল। এ ছাড়াও ফ্রান্স, নেপাল ও ব্রাজিলের একাধিক স্যাটেলাইট এবং ভারতের বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি স্যাটেলাইট এই রকেটে বহন করা হচ্ছিল।

উল্লেখ্য বিষয় হল, শেষ চারবারেই PSLV রকেটের উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। সোমবারের উৎক্ষেপণ ছিল PSLV-এর ৬৪তম মিশন। যদিও অতীতে এই রকেট ৬০ বার সফলভাবে নিজের লক্ষ্য পূরণ করেছে।


Share