Donald Trump

বিশ্বজুড়ে আমেরিকার ভিসা ইন্টারভিউ আপাতত বন্ধ, ট্রাম্প প্রশাসনের নয়া নির্দেশে বাড়ল অনিশ্চয়তা

কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে আমেরিকার বিদেশ দফতরের নির্দেশিকায়। ফলে নতুন করে ভিসা আবেদন ও ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিভিন্ন দেশের আবেদনকারীদের মধ্যে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০২:৪৯

বিশ্বের বিভিন্ন দেশে থাকা আমেরিকার দূতাবাস ও উপদূতাবাসগুলিতে ভিসা ইন্টারভিউ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। আমেরিকার বিদেশ দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, আমেরিকায় যাওয়ার জন্য ভিসার আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া সাময়িক ভাবে স্থগিত রাখতে হবে। এই নির্দেশিকা বিশ্বের সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে আমেরিকার বিদেশ দফতরের নির্দেশিকায়। ফলে নতুন করে ভিসা আবেদন ও ইন্টারভিউ প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বিভিন্ন দেশের আবেদনকারীদের মধ্যে।

আমেরিকার বিদেশ দফতরের নতুন নির্দেশিকাকে ঘিরে ভিসা প্রক্রিয়ায় সাময়িক পরিবর্তন এসেছে। নির্দেশিকায় জানানো হয়েছে, ভিসা যাচাইয়ের সঙ্গে যুক্ত আধিকারিকদের জন্য ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে। প্রশিক্ষণ চলাকালীন ভিসা ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত থাকবে। আমেরিকার বিদেশ দফতর জানিয়েছে, প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে পরবর্তী সময়ে ভিসা আবেদনকারীদের ইন্টারভিউয়ের নতুন তারিখ নির্ধারণ করা হবে। তবে ঠিক কবে থেকে আবার ইন্টারভিউ নেওয়া শুরু হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

কেন এই প্রশিক্ষণ কর্মসূচি? আমেরিকার বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, প্রতিটি ভিসা আবেদনের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন নিশ্চিত করতেই এই উদ্যোগ। ভিসা যাচাইয়ের সময় আবেদনকারী কেন আমেরিকায় যেতে চাইছেন এবং তাঁর উদ্দেশ্য কী, তা খতিয়ে দেখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি, কোনও আবেদনকারীর আমেরিকা সরকারের উপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কি না, সেটিও মূল্যায়নের অংশ হবে। দূতাবাস ও উপদূতাবাসের আধিকারিকেরা যাতে ভিসা যাচাই এবং ইন্টারভিউয়ের সময় এই বিষয়গুলি সঠিক ভাবে মূল্যায়ন করতে পারেন, তা নিশ্চিত করতেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

আমেরিকার দূতাবাস ও উপদূতাবাসের তরফে ভিসা আবেদনকারীদের ইমেল করে ইন্টারভিউ স্থগিত রাখার কথা জানানো হচ্ছে। তবে আপাতত নতুন করে ইন্টারভিউয়ের কোনও তারিখ ঘোষণা করা হয়নি। আবেদনকারীদের জানানো হয়েছে, কবে থেকে ফের ইন্টারভিউ নেওয়া হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে একাধিক পরিবর্তনের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী তাঁর প্রশাসন বেশ কিছু পদক্ষেপ করেছে। এর মধ্যে রয়েছে ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের কার্যকলাপ আরও কড়াভাবে যাচাই, ব্যয়বহুল ভিসা বন্ড চালু এবং নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ। এর আগে ট্রাম্প প্রশাসনের আমলে একাধিক ভিসাও বাতিল করা হয়েছে। ট্রাম্পের বার্তা, আমেরিকার জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। সেই নীতির ভিত্তিতেই অভিবাসন ও ভিসা ব্যবস্থায় কড়াকড়ি বজায় রেখেছে তাঁর প্রশাসন।


Share