Donald Trump

খুনের আশঙ্কা জেনেও নির্ভীক ট্রাম্প! ‘আমাকে মিস করবেন’ মন্তব্যের পাশাপাশি ইরানকে কড়া হুঁশিয়ারি, ‘এমন হামলা হবে, যা আগে কখনও দেখেনি’

এমনকি তাঁকে হত্যার চেষ্টা সফল হলে ইরানের বিরুদ্ধে কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কেও আগেভাগেই আমেরিকার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন তিনি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১১:৪৪

ইরানের ‘হিটলিস্টে’ নিজের নাম যে বহু দিন ধরেই রয়েছে, সে বিষয়ে অবগত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তাঁকে হত্যার চেষ্টা সফল হলে ইরানের বিরুদ্ধে কী ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কেও আগেভাগেই আমেরিকার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই গোপন পরিকল্পনার কথাই প্রকাশ্যে আনেন ট্রাম্প।

গত ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা ও ইজরায়েলের যৌথ বাহিনী ইরানে সামরিক অভিযান চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন বলে দাবি করা হয়েছে। সম্প্রতি তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এই উপলক্ষ্যে তেহরান-সহ দেশের বিভিন্ন শহরে শত শত মানুষ জড়ো হন। একাধিক সমাবেশে ট্রাম্প-বিরোধী পোস্টার ও স্লোগান দেখা যায়। কোথাও কোথাও প্রকাশ্যেই ট্রাম্পকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘‘আমি অনেক দিন ধরেই ওদের তালিকায় রয়েছি। সেটা নিয়েই আমাদের কাজ করতে হচ্ছে। তবে একটাই বিষয় আমি নির্দেশ দিয়ে রেখেছি। যদি তেমন কিছু হয়, তবে ওদের উপর এমন বোমাবর্ষণ করা হবে, যা এর আগে কখনও ওরা চোখে দেখেনি।’’

সম্প্রতি ইজরায়েলি গোয়েন্দা সংস্থার একটি রিপোর্টে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সম্ভাব্য ষড়যন্ত্রের ইঙ্গিত সামনে আসে। সূত্রের দাবি, সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই তুরস্ক সফর থেকে ফেরার সময় নিজের নির্ধারিত বিমান বদলে দেন আমেরিকার প্রেসিডেন্ট। পরে হোয়াইট হাউসও জানায়, ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, ইরান নতুন করে কোনও ষড়যন্ত্র করছে না, বরং বহু বছর ধরেই তাঁকে হত্যার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাঁর বক্তব্য, "না না। ইজ়রায়েল কিছুই বলেনি। ইরানের হিটলিস্টে আমি অনেক দিন ধরেই এক নম্বরে আছি। এটাই জীবন।’’ ট্রাম্প জানেন, তাঁকে খুনের চেষ্টা চালিয়েই যাবে ইরান। বাস্তবতা মেনে নেওয়ার সুরে তিনি বলেন, ‘‘আশা করি, আপনারা আমাকে মিস করবেন।’’

উল্লেখ্য, ২০২০ সালে আমেরিকার অভিযানে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হন। তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই ওই অভিযান চালানো হয়েছিল। এরপর থেকেই তেহরানে প্রকাশ্যে ট্রাম্পকে হত্যার দাবি ওঠে। এ দিকে, ট্রাম্পের ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। ২০২৪ সালে পেনসিলভেনিয়ায় একটি নির্বাচনী সমাবেশে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হলে তা তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। যদিও ওই হামলার সঙ্গে ইরানের কোনও যোগসূত্রের প্রমাণ এখনও পর্যন্ত সামনে আসেনি।


Share