Murder Case

পাওনা টাকা নিয়ে মহিলাকে গলায় ধারালো অস্ত্রের দিয়ে কুপিয়ে খুন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করল পুলিশ

পরিবারের দাবি, কিছুদিন আগে তিনি বিশেষ প্রয়োজনের জন্য কাসুন্দিয়া শিবতলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৪:৪৩

হাওড়ার শিবপুরে রবিবার সন্ধ্যায় এক খুনের ঘটনা ঘটে। এক মহিলাকে অস্ত্রের আঘাতে খুন করা হয়। মৃতার নাম ভারতী হাজরা (৪০)। পরিবারের অভিযোগ, ধার নেওয়া টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করেই এই খুনের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবপুরের ওলাবিবিতলা এলাকার ফাস্ট বাই লেনে ঘটনাটি ঘটেছে। রবিবার সন্ধ্যার আগে দুটি মোটরবাইকে চারজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁদের মধ্যেই একজন ফোন করে ভারতীকে বাড়ির নীচে ডেকে পাঠায়। ফোন পেয়ে তিনি দোতলা থেকে নীচে নেমে আসেন। দরজা খুলতেই তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

পরিবারের দাবি, কিছুদিন আগে তিনি বিশেষ প্রয়োজনের জন্য কাসুন্দিয়া শিবতলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ধীরে ধীরে শোধও করা হচ্ছিল। কিন্তু সম্প্রতি পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয়। মৃতার স্বামী সুব্রত হাজরার দাবি, টাকা নিয়ে তাঁদের বারবার হুমকিও দেওয়া হচ্ছিল।

সুব্রত হাজরা জানান, রবিবার সন্ধ্যায় এক যুবক তাঁর স্ত্রীকে নীচে নামতে বলেন। কিছুক্ষণ পর তিনি নীচে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় সিঁড়ির চাতালে ভারতী পড়ে রয়েছেন। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল। আহত অবস্থায় তিনি জল চাইলে জল দেওয়া হয়। তার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে রক্তের নমুনা ও অন্যান্য আলামত সংগ্রহ করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে। এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও ছড়িয়েছে। দ্রুত স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেফতারের দাবি তুলেছেন।


Share