TMC Leader Arrested

ভয় দেখিয়ে ব‍্যবসায়ীর কাছ থেকে টাকা তোলার অভিযোগ, হুগলিতে গ্রেফতার তৃণমূল নেতা-সহ তিন জন

ধৃতদের নাম কৌশিক দাস, অনিরুদ্ধ বাগ ও বলবীর সিংহ। কৌশিক দাস উত্তরপাড়া-শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ধৃতদের মঙ্গলবার আদালতে হাজির করানো হবে।

(বাঁ দিক থেকে) কৌশিক দাস এবং অনিরুদ্ধ বাগ।
নিজস্ব সংবাদদাতা, উত্তরপাড়া
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১২:৩২

তোলাবাজির অভিযোগে আবার গ্রেফতার তৃণমূল নেতা। ধৃত তৃণমূল নেতার নাম কৌশিক দাস। তিনি উত্তরপাড়া-শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। এর পাশাপাশি অনিরুদ্ধ বাগ ও বলবীর সিংহ নামের দুই তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে ধৃতদের আদালতে হাজির করানো হবে। 

পুলিশ সূত্রের খবর জানা গিয়েছে, জানাইপুরের এক ব‍্যবসায়ীর কাছ থেকে ভয় দেখিয়ে তোলাবাজি করেন অভিযুক্তেরা। এর পরেই ওই ব‍্যবসায়ী তৃণমূল নেতা-সহ কয়েক জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাস, অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিংহকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে আগেও এলাকায় বিভিন্ন দুর্নীতিমূলক কাজের অভিযোগ ছিল। সোমবার রাতে কোন্নগরের কানাইপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের গ্রেফতার করে পুলিশ উত্তরপাড়া থানায় নিয়ে যায়। ধৃতদের মঙ্গলবার শ্রীরামপুর আদালতে হাজির করানো হবে। 

উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ গত শুক্রবার শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগে দায়ের করেছিলেন উর্মিলা দেবী নামে এক মহিলা। ঘটনার তদন্তে করে পদক্ষেপ করে শ্রীরামপুর থানার পুলিশ। ঘটনায় রিষড়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, তিনি শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এ ছাড়াও, বিজয় সাউ নামে এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়।


Share