Bally Bridge

বালি ব্রিজের জীর্ণ অ্যাপ্রোচ রোডে সংস্কার, দেড় মাসের জন্য আংশিক যান নিয়ন্ত্রণ, বাস ঘুরবে নিবেদিতা সেতু দিয়ে

পূর্ত দফতরের এই সংস্কারকাজের ফলে সকালে কিছুটা যানজট ও নিত্যযাত্রীদের ভোগান্তি দেখা দিলেও নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।

খালি ব্রিজের সংস্কার
নিজস্ব সংবাদদাতা, বালি
  • শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ০১:৩৭

বালি ব্রিজ অর্থাৎ বিবেকানন্দ সেতুর অ্যাপ্রোচ রোডে মেরামতির কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে জীর্ণ অবস্থায় ছিল ওভারব্রিজটি। এ বার সেটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের পূর্ত দফতর। সেই কারণে সেতুর উপরের একটি লেনে বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। প্রশাসন জানিয়েছে, এই ব্যবস্থা আগামী প্রায় ৪৫ দিন অর্থাৎ দেড় মাস বলবৎ থাকবে।

পূর্ত দফতর সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে বালির দিকে যাওয়া অংশে মেরামতির কাজ চলবে। ফলে ওই দিকের বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। তবে ছোট গাড়ি, ব্যক্তিগত যানবাহন এবং অন্যান্য হালকা যান চলাচল স্বাভাবিক থাকবে। সোমবার থেকেই নতুন ট্রাফিক ব্যবস্থা কার্যকর হয়েছে।

বাস চলাচলের ক্ষেত্রে বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। দক্ষিণেশ্বরমুখী সমস্ত বাসকে নিবেদিতা সেতু ব্যবহার করে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অন্য দিকে, বালি থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়া সেতুর অপর অংশে বাস চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে।

সকালে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বেশ কিছু নিত্যযাত্রীকে সমস্যায় পড়তে দেখা যায়। অনেকেরই যাতায়াতের সময় বেড়েছে বলে অভিযোগ। তবে যাত্রীদের একাংশের মতে, সেতুর ওই অংশের অবস্থা দীর্ঘদিন ধরেই খারাপ ছিল। তাই মেরামতির কাজ জরুরি ছিল।

পূর্ত দফতর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। সংস্কার সম্পূর্ণ হলে বালি ব্রিজে যান চলাচল আবার স্বাভাবিক করে দেওয়া হবে। এদিকে ট্রাফিক পুলিশ যাত্রী ও গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানিয়েছে


Share