Murder case

ভদ্রেশ্বরে ড্রাম থেকে উদ্ধার নগ্ন গলাকাটা দেহ, দিল্লি রোডের ধারে খালি জমি থেকে উদ্ধার দেহ

পুলিশের প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করে দেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, ভদ্রেশ্বর
  • শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ১০:৫৫

হুগলির ভদ্রেশ্বরে ড্রামের ভিতর থেকে উদ্ধার হল এক যুবকের নগ্ন গলাকাটা দেহ। দিল্লি রোডের ধারে, শ্বেতপুর এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে রাস্তার পাশের ফাঁকা জমিতে এলাকার বাসিন্দারা একটি বস্তা মোড়া নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলের খুব কাছেই শ্বেতপুর পুলিশ ফাঁড়ি ছিল। তাই খুব দ্রুত পুলিশ সেখানে পৌঁছোয়। পুলিশ বস্তার বাঁধন খুলতেই ভয়ঙ্কর দৃশ্য সামনে আসে। ড্রামের ভিতর থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতের গলা কাটা ছিল। দেহে আগুনে ঝলসানোর চিহ্নও রয়েছে। মৃতের বয়স আনুমানিক ৪০ বছর বলে অনুমান।

খবর পেয়ে ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং ভদ্রেশ্বর থানার পুলিশ পৌঁছোন। মৃতদেহের সুরতহাল করা হয়। তারপর তা ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিকে অন্য কোথাও খুন করা হয়েছে। পরে দেহটিকে ড্রামের মধ্যে ভরে ভদ্রেশ্বর এলাকায় ফেলে যাওয়া হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


Share