Miscreant Arrested

হাওড়া থেকে গ্রেফতার হুগলির দাগী দুষ্কৃতী কমল দেব, ১০ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন পুলিশের

হুগলির কুখ্যাত দুষ্কৃতি কমল দেবকে হাওড়ার জগদীশপুর থেকে গ্রেফতার করেছে রিষড়া থানার পুলিশ। খুন, তোলাবাজি, ডাকাতি-সহ একাধিক মামলায় অভিযুক্ত কমলকে শুক্রবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়।

পুলিশি হেফাজতে দাগী আসামী কমল দেব।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ১০ জুলাই ২০২৬ ০৪:০৩

হুগলির দাগী দুষ্কৃতী কমল দেবকে গ্রেফতার করল রিষড়া থানার পুলিশ। খুন, তোলাবাজি, ডাকাতি-সহ একাধিক গুরুতর অপরাধে কমলের নাম রয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

রিষড়া থানা সূত্রে জানা গিয়েছে, একসময় রিষড়া নতুনগ্রাম এলাকায় উৎপল ও কমল জুটি দুষ্কৃতী কার্যকলাপের জন্য আতঙ্কের কারণ ছিল। কমলের বিরুদ্ধে খুন, তোলাবাজি, ব্যাঙ্ক, সোনার দোকান ও পেট্রল পাম্পে ডাকাতির মতো একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুন রিষড়ার বাঙুর পার্কের পিছনে নেলকো কারখানার পাশে কমলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল বলে পুলিশ খবর পায়। অভিযানে নেমে পুলিশ কয়েক জনকে গ্রেফতার করে। তবে সেদিন কমল-সহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ধৃতদের মধ্যে রহিত শর্মা পুলিশকে জিজ্ঞাসাবাদে জানায়, কমল তাকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি দিয়েছিল। এরপর থেকেই রিষড়া থানার পুলিশ কমলের খোঁজে তল্লাশি শুরু করে। তার সম্ভাব্য আস্তানা ও যাতায়াতের বিভিন্ন জায়গায় নজরদারি চালানো হয়। এর পর বৃহস্পতিবার গভীর রাতে রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে একটি বড় পুলিশ বাহিনী হাওড়ার জগদীশপুরে অভিযান চালায়। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

শুক্রবার ধৃত কমল দেবকে শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি পলাতক সহযোগীদের খোঁজে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আদালতের কাছে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে।পুলিশের দাবি, কমল দেবের গ্রেফতারের ফলে এলাকায় দীর্ঘদিনের অপরাধচক্রের তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।


Share