Murder Case

বাবা-ছেলের মধ্যে অশান্তি, পরিচারিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন মুর্শিদাবাদে, গ্রেফতার অভিযুক্ত

বৃহস্পতিবার কাজ থেকে ফেরার পথে ধারালো অস্ত্রে হামলার জেরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৯:১৩

ছেলের হাতে খুন পরিচারিকা। বাবার সঙ্গে অন্য মহিলার সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলে। তার ফলেই ছেলের বিরুদ্ধে সেই মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে। মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার গোকর্ণ গ্রামে এই খুনের ঘটনাটি সামনে এসেছে। অভিযুক্ত পিন্টু মণ্ডলকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম সুচিত্রা মিস্ত্রি (৪৫)। তিনি পেশায় পরিচারিকা ছিলেন। স্বামীর মৃত্যুর পর তিনি মিলন মণ্ডলের সঙ্গে সম্পর্কে জড়ান। কিন্তু এই সম্পর্ক কোনওভাবেই পিন্টু মেনে নিতে পারেননি। এই বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই পরিবারের মধ্যে অশান্তি চলছিল। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে সুচিত্রা কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিন্টু সুযোগ বুঝে তাঁর উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে। তাঁকে গোকর্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে সন্দীপ মিস্ত্রির দাবি, ঘটনার আগের দিন রাতেই এই সম্পর্ক নিয়ে তীব্র ঝামেলা হয়েছিল। তখনই পিন্টু তাঁর মাকে খুনের হুমকি দেয়। সেই হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটিকে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ইতিমধ্যেই অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে।তার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।


Share