Death

ঝড়-বৃষ্টির মাঝেই বিপর্যয়, সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানের মৃত্যু বজ্রাঘাতে, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের প্রস্তুতি

ওই বিওপির অধীন মিঠুপুর এলাকায় ডিউটির সময় আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৮:২৫

মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হল এক বিএসএফ জওয়ানের। মৃতের নাম বিনীতকুমার দুবে (৪৬)। তিনি ৭১ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের কর্মী ছিলেন। তাঁর বাড়ি উত্তরপ্রদেশের কনৌজ জেলায়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে জঙ্গিপুর মহকুমার বাবুরা ঘাট বিএসএফ বর্ডার আউট পোস্টে (বিওপি) কর্তব্যরত ছিলেন বিনীতকুমার। ওই বিওপির অধীন মিঠুপুর এলাকায় ডিউটির সময় আচমকাই প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। সেই সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় বিএসএফ মহলে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে ময়নাতদন্তের পর তাঁর মরদেহ উত্তরপ্রদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বিএসএফ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জওয়ান বিনীতকুমার দুবের মরদেহ তাঁর কনৌজের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

এ দিকে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Share